কলাবাগানে জোড়া খুনের মামলার কোনো অগ্রগতি জানাতে পারেনি পুলিশ। এ সম্পর্কে কিছুই জানে না ক্ষতিগ্রস্ত পরিবার দুটি। এ ক্ষেত্রে তাদের ভরসা সংবাদমাধ্যম।
এদিকে গতকাল জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার পৃথক দুটি মামলায় ১০ রকম আলামত পরীক্ষা করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন গত ২৮ এপ্রিল এই আদেশ দিলেও এ তথ্যের সত্যতা গতকাল নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ শহিদ। পৃথক দুটি মামলার এই আবেদনে দেখা গেছে, এই হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় নয়টি আলামত এবং খুনের মামলায় একটি আলামত পরীক্ষা করানোর জন্য আদালত সিআইডিকে অনুমতি দিয়েছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত সোমবার বিবিসি বাংলাকে বলেন, কোনো জঙ্গি তৎপরতার আগাম গোয়েন্দা তথ্য থাকলে তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে জোর দিতে চাই।’ মন্ত্রী আরও বলেন, ‘তারা সহযোগিতা দিতে চেয়েছে, আশা করি দেবে।’
রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
গত সোমবার জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্বাস করি, রাষ্ট্র খুনের বিচার করবে। দেশের অনেকগুলো এজেন্সি একসঙ্গে কাজ করছে। জন কেরি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। পুলিশ আমাকে কিছু জানায়নি। আমিও কিছু জানতে চাইনি।’ তিনি তাঁর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানান।
মাহবুব তনয়ের বোন জাকিয়া করিম প্রথম আলোকে বলেন, হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বা তাঁর পরিবার কিছু জানে না। তিনি বলেন, ‘পুলিশ আমাদের কিছু জানায়নি। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর বেরোচ্ছে, সেগুলো থেকে জানার চেষ্টা করছি। যেদিন বিকেলে তনয় খুন হয়, তার পরদিন পুলিশের গোয়েন্দা বিভাগ আমাদের বাসা থেকে তনয়ের ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে গেছে। এরপর আর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’
কলাবাগানে জোড়া খুনের মামলা তদারক করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ। প্রথম আলোকে তিনি বলেন, একই কায়দায় আরও যাঁরা খুন হয়েছেন, তাঁদের খুনিরাই এ ঘটনায় জড়িত কি না দেখা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ ছাড়া ভিডিও ফুটেজগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যে দুজনের নাম পত্রপত্রিকায় এসেছে, খুনের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা এখনো পুলিশ খুঁজে পায়নি বলে জানিয়েছে।
যেসব আলামত পরীক্ষা করে দেখা হচ্ছে: হত্যা মামলার আলামতটি হলো দুটি খাকি রঙের কার্টনের বাক্স। এর ভেতরে পোঁটলা করা দুটি কার্টন, দুটি নারিকেলের চারটি খণ্ড এবং কার্টন দুটির পার্সেল সামগ্রী। এই আবেদনটি করেন কলাবাগান থানার পুলিশ পরিদর্শক কে এম আশরাফ উদ্দিন। এতে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে এই আলামত জব্দ করা হয়েছে। আসামিরা কুরিয়ার সার্ভিসের পার্সেল সামগ্রী হিসেবে সাজিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। আর হত্যাকাণ্ডের পর ওই বাসার ফটকের সামনে রেখে চলে যান। তদন্তের স্বার্থে ও আসামিদের শনাক্ত করতে আসামিদের রেখে যাওয়া কোনো আঙুলের ছাপ, প্রিন্ট বা আনুষঙ্গিক কোনো আলামত আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্যই সিআইডির বিশেষজ্ঞ দিয়ে তা পরীক্ষা করানো প্রয়োজন।