চেকের মাধ্যমে লন্ডন থেকে পাঠানো ১৯ কোটি টাকার বিষয়টি তদন্তের জন্য অনুমোদন চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে নথি পাঠানো হয়েছে। দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে গতকাল রোববার এ নথি পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভান্ডার শরিফ শাহী মসজিদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য যৌথ নামে জনতা ব্যাংকের লালদীঘি শাখায় গত ৩০ এপ্রিল একটি ব্যাংক হিসাব খোলা হয়। এরপর গত ১০ মে ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকার একটি চেক জমা দেওয়া হয়। পুলিশ বলছে, লন্ডনের ২৪০ হোয়াইট চ্যাপেল রোডের বিজনেস সেন্টারের বারক্লেইস ব্যাংক পিএলসি শাখা থেকে মোহাম্মদ আলমগীর নামের পাকিস্তানি এক নাগরিক দেড় মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা) ওই চেকটি পাঠান।
পুলিশ বলছে, মসজিদ পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারী ও কোষাধ্যক্ষ এস এম সাহাবুল আলমের নামে এই হিসাব খোলা হয়। ব্যাংক হিসাব খোলার সময় ওই মসজিদের পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারীর সই জাল করা হয়। সই জাল করে ব্যাংক হিসাব খোলা ও চেক জমা হওয়ার বিষয়টি জানতে পেরে গত ১৭ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংসদ। তিনি ব্যাংক কর্তৃপক্ষ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি লিখিতভাবেও জানান। এর পরই ওই ব্যাংক হিসাব অনুসন্ধানের জন্য নিয়ম অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে তদন্তে নামে পুলিশ।
এ ঘটনায় নগরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বাদী হয়ে শাহজাহান মাইজভান্ডারী ও সাহাবুল আলমকে আসামি করে জাল-জালিয়াতির অভিযোগে গত ২৮ অক্টোবর মামলা করেন। মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় গত ৩০ অক্টোবর তদন্তের জন্য দুদকের কাছে পাঠানো হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, সাংসদের সই জাল হওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। লন্ডন থেকে একটি চেকে পাকিস্তানের নাগরিকের পাঠানো ১৯ কোটি টাকা আত্মসাৎ, নাকি জঙ্গি অর্থায়নের উদ্দেশ্যে আনা হয়েছে, তা দুদকের তদন্তে বেরিয়ে আসবে।
দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা আসার ঘটনার মামলার তদন্তের অনুমোদনের জন্য দুদক প্রধান কার্যালয়ে নথি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হবে।