তদন্তের আগে ঠিকাদারের বিল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলডুবির পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু কর্মকর্তা, বাঁধের কাজের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গাফিলতি দায়ী বলে মনে করেন জেলার সব সাংসদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। এ জন্য বাঁধের কাজের অনিয়মের তদন্তের আগে কাউকে কোনো বিল না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

গতকাল রোববার সুনামগঞ্জে ফসলহানির ঘটনায় জেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় এই দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। জেলার পাঁচ সাংসদ, পাউবোর প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও সভায় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে বেলা ১১টায় সভা শুরু হয়। সভায় উপস্থিত সাংসদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের তোপের মুখে পড়েন পাউবোর কর্মকর্তারা। তাঁরা মন্ত্রী ও সাংসদদের অনেক প্রশ্নের জবাব দিতে পারেননি। একপর্যায়ে তাঁদের গাফিলতির কথা স্বীকার করেন পাউবোর প্রধান প্রকৌশলী।

সভায় পাউবোর প্রধান প্রকৌশলী বলেন, সুনামগঞ্জের ৪২টি হাওরের ফসলরক্ষায় এবার ৬৮কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ৪৮ কোটি টাকার কাজ করছেন ঠিকাদারেরা। ১২টি বাঁধের কাজ এখনো শুরুই হয়নি। এই কাজের মেয়াদ ছিল গত ৩১ মার্চ পর্যন্ত। বাকি কাজ ৫০ থেকে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। তিনি একপর্যায়ে হাওরের ফসলহানিকে প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেন। সঙ্গে সঙ্গে তাঁর এই বক্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত সাংসদেরা।

সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাঁধের কাজ ১০ ভাগও হয়নি। হাওরে ঠিকাদারের লোকজনকে পাওয়া যায় না। অনেকেই কোনো কাজ করেননি। পিআইসির লোকজন কাজের বিল নিতে এলে পাউবো কর্মকর্তাদের ১০ শতাংশ ঘুষ দিতে হয়। এরপরও তাঁরা টাকা পান না।

সভায় পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, যাদের গাফিলতিতে এই ফসলহানি ঘটেছে, তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে তদন্তের আগে কাউকেই আর কোনো বিল দেওয়া যাবে না।

বাঁধের কাজের অনিয়মের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সাংসদ পীর ফজলুর রহমান বলেন, বাঁধের কাজ কোথাও ৩০ থেকে ৩৫ ভাগের বেশি হয়নি। পাউবোর হিসাব সঠিক নয়। এখন কৃষক বাঁচাতে সব রকম উদ্যোগ নিতে হবে।

নবনির্বাচিত সাংসদ জয়া সেনগুপ্তা বলেন, ‘আমি ফসলহারা কৃষকের অবস্থা দেখে বিচলিত। আশা করি, সরকারের সঙ্গে সঙ্গে আমরা সবাই এই কৃষকদের পাশে থাকব। তদন্ত হলে সবাই যেন জানতে পারেন কারা দোষী। ভবিষ্যতে যেন এভাবে আর ফসলহানি না ঘটে।’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যা করার দরকার, সরকারের পক্ষ থেকে করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ, নতুন করে বিনা সুদে ঋণ প্রদানের জন্য আমি দাবি জানাব।’

আরও বক্তব্য দেন সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, পাউবোর প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবীর ইমন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, প্রবীণ আইনজীবী আপ্তাবউদ্দিন আহমদ, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী ও পঙ্কজ কান্তি দে প্রমুখ।

সুনামগঞ্জে এ বছর ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গতকালের সভায় জানানো হয়, ইতিমধ্যে জেলার হাওর অঞ্চলের ৯০ শতাংশ বোরো ধান ঢলের পানিতে বাঁধ ভেঙে তলিয়ে গেছে।