মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য আরও তিন মাস সময় চেয়ে তদন্ত কর্মকর্তার করা আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ খান এ আবেদন মঞ্জুর করেন। গতকাল এই মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
এ মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, সিআইডি নিহত মঞ্জুরের স্ত্রী ও সন্তান—কে কোথায় কীভাবে আছেন, তা শনাক্ত করতে পারেনি। এ ছাড়া আগের অভিযোগপত্রের কী কী ত্রুটি আছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এসব কারণে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সময় চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আবেদনটি আদালতে দাখিল করে।
গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ২২ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মঞ্জুর হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এইচ এম এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়। অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ, মেজর কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান (শামস) ও লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন।