
মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলা পুনর্তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও তিন মাস সময় দিয়েছেন আদালত।
সিআইডির করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বদরুল আলম ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। খবর ইউএনবির।
এ মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত সিআইডিকে ২০১৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।
এর আগেও মামলাটির পুনর্তদন্তের জন্য দুবার সময় বৃদ্ধি করেছিলেন আদালত।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সময় বৃদ্ধির জন্য করা আবেদনে বলেছেন, িতনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত জেনারেল মঞ্জুরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে মঞ্জুরের বড় মেয়ে লুবনা মঞ্জুরের সঙ্গে দেখা করেছেন। আদালত আবেদন মঞ্জুর করলে যুক্তরাষ্ট্রে গিয়ে মঞ্জুরের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
মঞ্জুর হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ মোট পাঁচজনের বিচার চলছে। এর মধ্যে এরশাদ অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে অভিযোগ হলো, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এরশাদের নির্দেশে কতিপয় সামরিক কর্মকর্তা জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে নিয়ে গুলি করে হত্যা করেছেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে তাঁকে পুলিশ আটক করে। ২ জুন মঞ্জুরকে হাটহাজারী থানার পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন।