সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা এবং ইমারত আইনের মামলা দুটির তদন্তের সময় আবার বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক বিজয়কৃষ্ণ করের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
গতকাল মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে এক হাজার ৩৫ জন মানুষের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় করা দুটি মামলারই তদন্ত করছেন সিআইডির পরিদর্শক বিজয় কৃষ্ণ কর। গত ২৪ নভেম্বর আদালত তদন্তকারী কর্মকর্তাকে তদন্তে বিলম্বের কারণ দর্শাতে বলেন। ২৪ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা লিখিত জবাব দেন। তাতে বলা হয়, মামলাটি স্পর্শকাতর। ঘটনার ব্যাপকতার জন্য তদন্তকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। গতকালও তিনি একই কারণ দেখিয়ে চতুর্থ দফা সময় বাড়ানোর আবেদন করেন।
এই মামলায় কারাগারে আটক রানা প্লাজার মালিক সোহেল রানা, পোশাক কারখানার মালিক বজলুল সামাদ, মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, আনিসুর রহমান এবং রফিকুল ইসলাম, রাজ্জাক খান, আলমগীর, আবদুল মান্নান, রাসেল, মধু, সারোয়ার ও সিদ্দিককে গতকাল আদালতে হাজির করা হয়। মামলা দুটিতে জামিনে থাকা নয়জন আসামিও আদালতে হাজির ছিলেন। তাঁরা হলেন সোহেল রানার বাবা আবদুল খালেক, মোহাম্মদ আলী খান, সাভার পৌরসভার মেয়র রেফাতউল্লাহ, আবুল হাসান, অনিল কুমার দাস, শাহ আলম, এহতেশাম হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া।