বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি (বিজিএফসিএল) এবং কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসি) কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় প্রামাণিক কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সংসদীয় উপকমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এই দুটি প্রতিষ্ঠানে জনবল নিয়োগ এবং গ্যাস-সংযোগসহ অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তদন্তে কর্মকর্তারা অনিয়মের আশ্রয় নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন।এ বিষয়ে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উপকমিটির তদন্তে যেসব সুপারিশ করা হয়েছে, সংসদীয় কমিটি সে অনুযায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। তিনি বলেন, অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে শতকোটি টাকা আদায় করা এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) জনবল নিয়োগে অনিয়ম হয়েছে বলে পত্রপত্রিকায় যেসব প্রতিবেদন ছাপা হয়েছে, সংসদীয় কমিটি সেগুলোও তদন্ত করবে। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি সম্পর্কে উপকমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গ্যাস আইন, ২০১০-এর আওতায় অপরাধীদের বিরুদ্ধে মামলা করেনি। অবৈধ সংযোগের মাধ্যমে গ্রাহকদের জিম্মি করে অবৈধ টাকা আদায়ের জন্যই গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন এবং পুনঃসংযোগের অভিযান চলেছে। নতুন গ্যাস-সংযোগে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কখনো আদালতের নির্দেশনার অপব্যাখ্যা করে, কখনো মন্ত্রী-সাংসদদের নির্দেশনার অজুহাত দেখিয়ে সংযোগ দেওয়া হয়েছে। নিয়োগ-প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা না নিয়েই পছন্দের প্রার্থীকে সুযোগ দিতে মৌখিক পরীক্ষার নম্বর ৭৫ করা হয়েছে। কমিটি কোম্পানির অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার চৌধুরীকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলেছে।