বরগুনার তালতলী উপজেলায় ‘সিডরম্যান’ খ্যাত জয়দেব কুমার দত্তের মৃত্যুর কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। তিনি বড় বগী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ইউনিটপ্রধান ছিলেন।
জয়দেব ৩ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ৫ আগস্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সিপিপির ওয়্যারলেস অপারেটরের কক্ষ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় টেবিলের ওপর থেকে একটি চিরকুট, মুঠোফোন ও টেবিলের নিচ থেকে কীটনাশকের দুটি বোতল উদ্ধার করা হয়।
এ নিয়ে ৬ আগস্ট প্রথম আলোয় “‘সিডরম্যান” জয়দেব দত্তের মরদেহ উদ্ধার’ শিরোনামে খবর ছাপা হয়।
জয়দেব দত্তের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে গতকাল বেলা ১১টায় তালতলীর নাগরিক সমাজ মানববন্ধনের আয়োজন করে। এতে রাখাইন সম্প্রদায়ের লোকজন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার লোক অংশ নেন।
মানববন্ধনকালে বক্তারা বলেন, জয়দেব সচেতন ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি ঘূর্ণিঝড় সিডরের সময় জীবনবাজি রেখে তালতলী উপকূলের হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন। এ জন্য তিনি ‘সিডরম্যান’ খ্যাতি পান। এমন একজন ব্যক্তি কেন আত্মহত্যা করবেন? বরং তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। যারা তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তদন্ত করে সেই ব্যক্তিদের প্রকাশ্যে আনা হোক। তাঁর মৃতদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি কী লিখে গেছেন, তা জনসমক্ষে প্রকাশ করা হোক।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক জমাদ্দার, বর্তমান সভাপতি রেজবি-উল কবির, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি ফরহাদ হোসেন মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, ব্যবসায়ী মো. শাহজাহান, শিক্ষক সুন্দর আলী গাজী, জয়দেব কুমার দত্তের স্ত্রী সন্ধ্যা রানি দত্ত, স্থানীয় ভাগ্য রানি, নুরুল ইসলাম প্রমুখ।
পরিবার সূত্র জানায়, জয়দেব দত্তের মৃত্যুর ঘটনায় তালতলী থানায় অপমৃত্যুর মামলা হয়। থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।