তদন্তের নামে নাটক করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউধা
রাউধা

মালদ্বীপের মডেলকন্যা রাউধা আথিফের লাশ দাফনের জন্য রাজশাহীতে এসেছিলেন তাঁর পরিবারের ১২ সদস্য। বাবা ছাড়া সবাই চলে গেছেন। মেয়ের বিচারের জন্য রয়ে গেছেন বাবা মোহাম্মদ আথিফ। তিনি মনে করেন, মেয়েকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের পুলিশ ঘটনা আড়াল করতে তদন্তের নামে ‘নাটক’ করছে।

মেয়ে ‘হত্যার’ সুষ্ঠু তদন্তের দাবিতে বাবা ঘুরছেন তদন্তকারী সংস্থা, দূতাবাসসহ বিভিন্ন স্থানে। তদন্তে সন্তুষ্ট না হলে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করবেন বলে জানালেন মোহাম্মদ আথিফ। তিনি বলেন, এটি হত্যা হিসেবে উদ্‌ঘাটিত হলে দায় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ওপর পড়বে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে আঘাত করবে। তাই কলেজ নিজেদের সুনাম ক্ষুণ্ন হওয়ার ভয়েই তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

মোহাম্মদ আথিফ কাল ঢাকা থেকে রাজশাহীতে ফেরেন। বিকেলে তাঁর সঙ্গে কথা হয়। একান্ত আলাপচারিতায় তিনি তদন্ত নিয়ে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন।

গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নগরের শাহ মখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা করে কলেজ কর্তৃপক্ষ। ময়নাতদন্ত প্রতিবেদন এবং কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদনে রাউধা ‘আত্মহত্যা’ করেছে বলে উল্লেখ করা হয়।

রাউধার বাবা এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছেন। তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ১০ এপ্রিল রাজশাহীর আদালতে রাউধার এক সহপাঠীকে আসামি করে মামলার আবেদন করেন তিনি। আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে শাহ মখদুম থানার পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে হত্যা মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়।

রাউধার বাবা প্রথম আলোকে বলেন, ‘আমি মামলা করার আগে পুলিশের অপমৃত্যুর মামলা গ্রহণ করেননি নির্বাহী হাকিম। কারণ, পুলিশের প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন দেখে সন্দেহ হয়েছিল। একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে সুরতহাল করার কথা থাকলেও তা করা হয়নি। তাই আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তথ্যপ্রমাণে সন্তুষ্ট হয়েই হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি আশা করি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।’

মোহাম্মদ আথিফ বলেন, পুলিশ উপস্থিত হওয়ার আগেই লাশ নামানো, নির্বাহী হাকিমের অনুপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি, গলায় ধাতব বস্তুর আঘাতের চিহ্ন ও আঙুলের ছাপ থাকার পরও এক্স-রে না করেই ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করা—তদন্তের এসব অসংগতি দেখেও পুলিশ তা আমলে নিচ্ছে না। পুলিশ একটি নাটক সাজানোর চেষ্টা করছে। তিনি রাউধার গলার আঘাতের চিহ্নের ছবি দেখিয়ে বলেন, একজন সাধারণ মানুষও ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এটি আত্মহত্যা নয়, হত্যা। কিন্তু পুলিশ তা অগ্রাহ্য করছে।

জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আল-আমিন বলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। ফলে পুলিশের ওই প্রতিষ্ঠানের পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না। তদন্তকালে যা যা আলামত পাওয়া গেছে, তার ভিত্তিতে তদন্ত এগিয়েছে। বর্তমানে তদন্তের জন্য তা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুনরায় ময়নাতদন্ত চায় সিআইডি

রাজশাহী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসমাউল হক প্রথম আলোকে বলেন, রাউধার মরদেহের পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

এদিকে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল। রাজশাহী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কাজী মো. ইকবাল শফি বলেন, ‘কক্ষের ভেতরে আমরা দেখলাম, উচ্চতা অনুযায়ী আত্মহত্যা করা সম্ভব কি না। আমরা চেয়ার এবং মেয়ের উচ্চতা অনুযায়ী দেখলাম আত্মহত্যা করা সম্ভব। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ধাক্কার ফলে দরজা খুলে যায়, দরজায় কিছু স্ক্র্যাচও (দাগ) দেখতে পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আরও গভীর তদন্ত না করে বলা মুশকিল। আজ আমরা পর্যবেক্ষণ করেছি কক্ষে আত্মহত্যা করা সম্ভব। তারপরও যদি অন্য কোনো মোটিভ পাওয়া যায়, সেই ভাবেই তদন্ত এগোবে।’