তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দেন।
গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার, শাহবাগ থানার ওসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন পুলিশের রমনা জোনের ডিসি আবদুল বাতেন, এসি শিবলি নোমান, এডিসি ইব্রাহীম খানসহ পুলিশের একটি দল। পরিদর্শন শেষে আবদুল বাতেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নববর্ষের দিন এই এলাকায় পর্যাপ্ত পুলিশ ছিল। যৌন হয়রানির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি। সিসিটিভি থেকে ফুটেজ নিয়ে কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।’
পুলিশের পর্যাপ্ত উপস্থিতি থাকা সত্ত্বেও দেড় ঘণ্টা ধরে এই ঘটনা ঘটে কীভাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন উত্তেজিত হয়ে বলেন, ‘এটাকে বীভৎসতার ঘটনা বলছেন, এ ঘটনার কি কোনো ডকুমেন্ট আছে বা কোনো ছবি। আমাদের কাছে সিসিটিভি আছে, আমরা দেখছি। কিন্তু সেখানে এ রকম কোনো বীভৎসতার ঘটনা প্রত্যক্ষ করতে পারছি না। আপনাদের কারও কাছে কি কোনো ছবি বা ডকুমেন্ট আছে, তাহলে আমরা দেখলেই বুঝতে পারতাম।’
দুজনকে আটক করে পুলিশে দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিসি বলেন, ‘যদি পুলিশের কাছে সত্যি সত্যি দিয়ে থাকেন, যাঁরা দিয়েছেন তাঁদের বলতে হবে কাদের কাছে দিয়েছেন।’ উত্তরে এএসআই আশরাফের নাম আসে। জবাবে তিনি বলেন, ‘আশরাফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই সময় সে লাঠিপেটায় ব্যস্ত ছিল। যদি দিয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের জানান, আমরা ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
ক্ষোভের সঙ্গে ডিসি বলেন, ‘নববর্ষের অনুষ্ঠান সারা রাত চলার কথা নয়, আমরা দর্শনার্থীদের বলেছিলাম পাঁচটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেরিয়ে যেতে।’
পরে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘যে সময়ের বর্ণনা দেওয়া হয়েছে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এক ঘণ্টার সিসিটিভি ভিডিও ফুটেজ আমরা দেখেছি। কিন্তু সেখানে এ রকম বীভৎস ঘটনা দেখলাম না। অবশ্য আলোকস্বল্পতার কারণে ভিডিওগুলো ভালোমতো বোঝা যাচ্ছিল না। তবে কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটতে ফুটেজে দেখা যায়। কিন্তু পরিকল্পিতভাবে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা চোখে পড়েনি।’ তবে সবগুলো ফুটেজ এখনো দেখা শেষ হয়নি বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত প্রক্টর এক প্রতিবাদলিপিতে বলেন, গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরের বিষয়ে যে তথ্যটি দেওয়া হয়েছে তা সঠিক নয়। কিন্তু কোন তথ্যটি তা তিনি উল্লেখ করেননি।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট সময়েই আমরা হাইকোর্টের প্রতিবেদন দেব।’ তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটি জানিয়েছি। তারা তদন্ত করবে, দোষীদের বের করে শাস্তির আওতায় আনবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি তদন্ত করবে।’
ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়াতে পারে কি না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, ‘যে কেউ তাঁর নিজস্ব মতামত দিতেই পারে। ওখানে কী হয়েছিল, সেটা তদন্ত ছাড়া বলা মুশকিল।
প্রামাণিক তথ্য আহ্বান: এ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের দপ্তরে লিখিতভাবে ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।’