তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে আসামি নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এ নির্দেশ দেন।
আসামির আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের পতেঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা একটি মামলায় মো. মুছা নামের এক ব্যক্তিকে ৫ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক আসামি মুছাকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য ছিল।
আইনজীবী মাহমুদুল হক বলেন, গতকাল আসামি মুছাকে আদালতে হাজির করা হয়। এ সময় মুছা অভিযোগ করেন, গ্রেপ্তারের পর পতেঙ্গা থানার এসআই মাজহারুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরনবী ও পার্থ রায় চৌধুরী বৈদ্যুতিক শক দিয়ে তাঁর ওপর নির্যাতন চালান। পরে আদালত পতেঙ্গা থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন। একই সঙ্গে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে মুছার স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন জমা দিতে বলেন। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই তদন্তের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য আদালতের নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ সম্পর্কে জানতে পতেঙ্গা থানার এসআই মাজহারুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি মুঠোফোন ধরেননি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, পুলিশ আসামি মুছার ওপর নির্যাতন চালায়নি। গ্রেপ্তারের আগে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তিনি নালায় পড়ে আহত হন। ওই সময় পুলিশের দুজন সদস্যও আহত হয়েছেন।