তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর
চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বসে ‘ফাঁস’ হওয়া প্রশ্ন সমাধানের যে ঘটনা ঘটেছে, সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে বিষয়টি গোয়েন্দা পুলিশকে বলে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়। আজ রোববার শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন বলে শিক্ষামন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে। আজ প্রথম আলোয় ‘পরীক্ষার আগে প্রশ্ন সমাধানের আসর!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, পত্রিকার কাটিংয়ে লিখে সচিব ও চেয়ারম্যানকে এ নির্দেশ দেন মন্ত্রী।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এইচএসসি পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগেই বুয়েট ক্যাম্পাসে পরীক্ষার্থীদের আনাগোনা বাড়তে থাকে। পরীক্ষার্থীরা জড়ো হতে থাকে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকা, হলের অতিথি কক্ষ, ক্যাফেটেরিয়া কিংবা ফুটপাতে। তারা এসেছিল পরীক্ষার ‘ফাঁস’ হওয়া প্রশ্নের সমাধানের খোঁজে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থী অর্থের বিনিময়ে সেই প্রশ্নের সমাধান করে দেন বলে অভিযোগ আছে। পরীক্ষার্থীদের এ কাজে সহযোগিতা করছেন অভিভাবকেরা। গতকাল শনিবার এইচএসসির উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বুয়েটের কয়েকটি স্থানে এমন দৃশ্য দেখা গেছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। কয়েকটি ‘উপদলে’ ভাগ হয়ে অন্তত ৫০ জন পরীক্ষার্থী প্রশ্নের সমাধান করে বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে যায়। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেছে।