কারা হেফাজতে সিবিএ নেতা বি এম বাকির হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন করতে বলা হয়েছে। এই আবেদনের ওপর কাল বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত চারজন বিচারপতির বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, গতকাল আপিল বিভাগের কার্যতালিকায় আয়করসংক্রান্ত মামলায় বাকির হোসেনের জামিনের আবেদন শুনানির জন্য ছিল। সকালে শুনানিতে বাকিরের আইনজীবী রফিক-উল হক বলেন, আল্লাহ তাঁকে জামিন দিয়ে দিয়েছেন, তিনি নেই। এ বিষয়ে তদন্তের নির্দেশনা প্রয়োজন। বাকিরের অপর কৌঁসুলি মওদুদ আহমদ বলেন, এই মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। এ ঘটনা তদন্তের জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে কি না, আদালত তা জানতে চাইলে বাকিরের আইনজীবীরা বলেন, আবেদন করা হয়নি। এই পর্যায়ে আদালত তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন করতে বলেন এবং এই আবেদনের ওপর বুধবার শুনানির দিন ধার্য করেন।জানা যায়, ৩ জানুয়ারি আপিল বিভাগ আয়করসংক্রান্ত মামলায় বি এম বাকিরের জামিনের আবেদনের ওপর গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন। ৭ জানুয়ারি কারা হেফাজতে এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাকির মারা যান। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তাঁকে গ্রেপ্তার করা হয়।