তদন্ত কার্যক্রমের মাধ্যমে প্রকাশিত হবে, কে কে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, তদন্তকাজ সঠিকভাবে করা হলে প্রকৃত দোষী ব্যক্তিরা অবশ্যই শাস্তি পাবে।গতকাল সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসবাদ দমনবিষয়ক সমন্বয়কারী গিলস ডি কার্সভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।বৈঠকে ইইউর সমন্বয়কারীকে আইনমন্ত্রী বাংলাদেশের বিচারব্যবস্থা প্রসঙ্গে অবহিত করেন। গিলস ডি কার্সভ সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত তদন্ত কর্মকর্তা এবং আইনজীবীদের জন্য বাংলাদেশে ইইউর প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক সাহায্য বাড়ানোর ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন তিনি।