২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অধিকতর তদন্তের জন্য সময় আরও দুই মাস বাড়িয়েছেন আদালত।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ অধিকতর তদন্তের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন দুই মাস সময় বাড়ান। আদালত আগামী ৩ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্তের সময় চার দফা বাড়ানো হলো।গতকাল এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, গ্রেনেড হামলায় ব্যবহূত অবিস্ফোরিত গ্রেনেড দ্রুততার সঙ্গে কেন ধ্বংস করা হলো, এ বিষয়ে সংশ্লিষ্ট বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। তাই আসামি ও সাক্ষীদের দেওয়া তথ্য যাচাই এবং অন্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য সময় প্রয়োজন।মামলার এক আসামি মাওলানা আবু তাহেরের পক্ষে গতকাল জামিনের আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করেন। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ জন আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা হয়।২০০৮ সালের ১১ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তাতে জঙ্গিনেতা মুফতি হান্নান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনকে আসামি করা হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ আগস্ট মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। তখন দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়।