তদন্তের সময় আবার আড়াই মাস বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের সময়সীমা আরও আড়াই মাস বাড়ানো হয়েছে। তদন্তের সময় বাড়ানোর আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ গতকাল সোমবার এ আদেশ দেন। এ নিয়ে মোট পাঁচ দফায় এ মামলার অধিকতর তদন্তের সময়সীমা বাড়ানো হলো।আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডির সিনিয়র সহকারী সুপার মো. মনিরুজ্জমান চৌধুরী গত রোববার আদালতে তদন্তের সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের প্রকৃতি ও প্রস্তুতকারী দেশ সম্পর্কে সামরিক বাহিনীর অস্ত্র বিশেষজ্ঞ কমিটির সদস্যরা মতামত দিয়েছিলেন। কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সেনা সদরের অনুমোদন পাওয়া যায়নি। এ জন্য ঢাকা সেনানিবাসের অর্ডন্যান্স ডাইরেক্টরেটের এমজিও শাখার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন বলে এমজিও শাখা থেকে জানা গেছে।’তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহমেদসহ ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের কিছু অংশের যাচাই-বাছাইয়ের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য আরও সময় দরকার।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের ফলে সিআইডি আগামী ২২ মার্চ পর্যন্ত মামলার অধিকতর তদন্তের সময় পেল। জানা গেছে, শুল্ক বিভাগের চোরাচালান প্রতিরোধ দলের যেসব সদস্য ঘটনার সময় কর্ণফুলী উপকূলসহ বহির্নোঙর এলাকায় দায়িত্ব পালন করেছিলেন তাঁদের তালিকা চট্টগ্রাম শুল্ক বিভাগের কমিশনারের কাছ থেকে চাওয়া হয়েছে। তাঁদেরও জেরা করা হতে পারে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা আদালতে বিচারাধীন আছে।