চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্তের সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইনামুল হক ভূঁইয়া গতকাল রোববার এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের সময়সীমা অষ্টম দফায় বাড়ানো হলো।মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ গতকাল প্রথম আলোকে জানান, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আরও অনেক তথ্য বের করা প্রয়োজন। বিশেষ করে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন মহাপরিচালক ও তৎকালীন শিল্পসচিবকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এ কারণে সিআইডি তিন মাস সময় বাড়ানোর আবেদন করে। শুনানির পর আদালত দুই মাস সময় বাড়ানোর আদেশ দেন। ফলে সিআইডি তদন্তের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে।সিইউএফএলের জেটিঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান দুটি মামলা করেন। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে বিচারও শুরু হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের আদেশ দিয়েছিলেন।