তদন্তের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার অধিকতর তদন্তের সময় আবার বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ সময় বাড়ান। একই সঙ্গে আদালত ৪ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ নিয়ে এই তদন্তের দ্বিতীয় দফা সময় বাড়ানো হলো। এর আগে সিআইডি গত বছরের ৪ অক্টোবর সময় বাড়ানোর আবেদন করলে আদালত গতকাল ৩ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলেন।মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, গত বছরের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় আরও সময়ের প্রয়োজন। আদালত রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে বলেন, ‘এর আগেও সময় চাওয়া হয়েছিল। দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করুন।’সিআইডির আবেদনে বলা হয়, ২১ আগস্ট অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার এবং ধ্বংস করেছেন—এমন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের দেওয়া জবানবন্দিতে যাদের নাম প্রকাশ পেয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এতে বলা হয়, এ মামলার আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে তত্কালীন প্রশাসন সহযোগিতা করেছিল এমন প্রমাণ তারা পেয়েছে। তাই আসামিদের দেওয়া তথ্য এবং সাক্ষীদের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে সময়ের প্রয়োজন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করা হয়। গত বছরের ১১ জুন সিআইডি আবদুস সালাম পিন্টুসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পিন্টুর ভাই তাজউদ্দিনসহ আট আসামি পলাতক রয়েছেন।