তদন্তের সময় আরও ৬৩ দিন বাড়ল
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্তের সময়সীমা আরও ৬৩ দিন বাড়ানোর আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার শুনানির পর বিচারক ভবানী প্রসাদ সিংহ এ আদেশ দেন। এ নিয়ে সপ্তম দফা তদন্তের সময়সীমা বাড়ানো হলো।মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আরও অনেক তথ্য বের করা দরকার। এ কারণে সিআইডি অধিকতর তদন্তের জন্য তিন মাস সময় চেয়ে আবেদন করে। রোববার শুনানির পর আদালত ৬৩ দিন সময় বাড়ানোর আদেশ দেন। আগামী ২৫ জুলাই পর্যন্ত সিআইডি তদন্তের সময় পেয়েছে।আদালত সূত্র জানায়, গতকাল ষষ্ঠ দফা তদন্তের সময়সীমা শেষ হয়। সপ্তম দফা সময় বাড়ানোর আবেদন জানিয়ে পিপি কামালউদ্দিন আদালতে বলেন, সেন্ট মার্টিনের কাছে অস্ত্র খালাসের সময় নৌবাহিনীর একটি জাহাজ পার্শ্ববর্তী এলাকায় টহলে ছিল। ওই জাহাজের কর্মকর্তা ও নাবিকদের এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি। এ ছাড়া সিআইডির তদারকি কর্মকর্তারা ঢাকায় পিলখানা বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যা মামলা নিয়ে ব্যস্ত। তাই ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের সময়সীমা আরও বাড়ানো দরকার।সিইউএফএল জেটিঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেন।এ দুই মামলায় ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হন।