তদন্তের সময় এ নিয়ে মন্তব্য করা ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তদন্ত চলার সময় কোনো ঘটনা সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সাভারের ভবনধসের ঘটনায় হত্যা মামলা বা বিচার বিভাগীয় তদন্তের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘গরিব-দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’ এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো সারা দেশে আজ রোববার দিবসটি পালন করা হচ্ছে। ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী শ্রমিকদের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় ১ মে থেকে আইনগত সহায়তা সেল খোলার কথা জানান।সাভারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হচ্ছে। এ ব্যাপারে আপনি কী মনে করেন—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। তা শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় অন্য কোনো পন্থায় যাওয়া ঠিক হবে না।’ ওই ভয়াবহ ঘটনাকে কেউ কেউ হত্যাকাণ্ড বলছেন, এ ক্ষেত্রে হত্যা মামলার সুযোগ আছে কি না—এ রকম আরেক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলা হবে। আমার মনে হয়, এ তদন্তকাজ চলাকালীন কোনো ঘটনা সম্পর্কে মন্তব্য করা সঠিক নয়।’প্রচলিত আইনে বিচার হবে উল্লেখ করে শফিক আহমেদ বলেন, দণ্ডবিধি অনুসারে অবহেলাজনিত কারণে কারও মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তা ছাড়া অবহেলাজনিত কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, সেই ব্যক্তি ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। আগেও এ ধরনের ঘটনায় গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গেছে, ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছেন। তাজরীনের মালিক এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি, এবারও কি তার পুনরাবৃত্তি হবে—এমন প্রশ্নে আইনমন্ত্রীর জবাব, ‘যেসব মামলা হয়েছে ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসার, এটা আমি বিশ্বাস করি না। আইনে কোনো রকম ফাঁকফোকর থাকলে আমরা তা বন্ধ করার জন্য প্রয়োজনে আইন সংশোধন করার ব্যবস্থা করব।’শ্রমিক আইনগত সহায়তা সেল: শ্রমিকদের সহায়তার জন্য রাজধানীর ১৪৫, নিউ বেইলি রোডের জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যালয়ে এ সেল খোলা হচ্ছে।মন্ত্রী জানিয়েছেন, বিনা কারণে চাকরিচ্যুত বা মালিকের পাওনা আছে এ রকম শ্রমিকদের জন্য শ্রম আদালতে তাঁদের পক্ষ হয়ে সরকারের খরচে মামলা করা হবে। আজকের কর্মসূচি: সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইনগত সহায়তা মেলাসহ নানা অনুষ্ঠান থাকছে। এসব আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে, প্রতিবছর ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস পালন করা হবে।