ওমরাহ ভিসায় সৌদি আরবে মানব পাচারের অভিযোগ ওঠা এজেন্সিগুলোর বিরুদ্ধে উন্মুক্ত তদন্তের সময় পেছাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ গত রোববার মন্ত্রণালয়ে এ চিঠি দেন। চিঠিতে পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর এই তদন্তের দিন নির্ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে। তবে মন্ত্রণালয়ের সূত্র বলেছে, উন্মুক্ত তদন্তের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। তদন্তে হাজির না হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের হজ শাখার সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার ও আগামী বৃহস্পতিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই উন্মুক্ত তদন্ত হওয়ার কথা। মন্ত্রণালয়ের গঠিত কমিটি এই তদন্ত করবে। তদন্তে উপস্থিত থাকতে অভিযুক্ত এজেন্সিগুলোকে গত বুধ ও বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হওয়া এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত ও এগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলে মন্ত্রণালয়ের সূত্র বলেছে।
সূত্রটি বলেছে, ওমরাহ ভিসায় মানব পাচারের অভিযোগ ওঠা এজেন্সির সংখ্যা ১০৩টি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রোববার পাঠানো হাবের চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুম শেষ হওয়ার পর তদন্ত কার্যক্রমের দিন ধার্য করা হোক। কারণ, গত ১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে এবং হজ এজেন্সিগুলো এখন এ-সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছে। যাঁদের তদন্তের জন্য উপস্থিত হতে বলা হয়েছে, তাঁদের অধিকাংশই মোনাজ্জেম (প্রতিনিধি) হিসেবে নিজ নিজ এজেন্সির হজযাত্রীদের সঙ্গে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। তদন্তে হাজির হতে নোটিশ দেওয়ার বিষয়টি জানার পর তাঁরা উৎকণ্ঠায় রয়েছেন এবং সৌদি আরব থেকে ফিরে আসবেন কি না, তা নিয়ে দোদুল্যমান রয়েছেন। হজযাত্রী–দের রেখে এ সময় আসা ঠিক হবে না। কেননা, হাজিদের কোনো সমস্যা হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এবারের ওমরাহ হজ মৌসুমে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ১১ হাজার ৪৮৫ জন ওই ভিসার মেয়াদ শেষে দেশে ফেরেননি। বিষয়টি সৌদি আরব কর্তৃপক্ষ চিঠি দিয়ে বাংলাদেশকে জানিয়েছে এবং যেসব এজেন্সির মাধ্যমে এই মানব পাচার হয়েছে, সেগুলোর তালিকা পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছে। একপর্যায়ে গত ২২ মার্চ থেকে সৌদি আরব বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ওই তালিকা অনুযায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। সূত্র বলেছে, অভিযুক্ত এজেন্সিগুলোর কয়েকটির বিষয়ে মন্ত্রণালয়ে শুনানি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তদন্ত কমিটি করে উন্মুক্ত তদন্তের সিদ্ধান্ত হয়।