তদন্তের সময় বাড়ল ৩০ মার্চ পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার তদন্তের সময়সীমা আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।এ নিয়ে বর্তমান তদন্ত কর্মকর্তা মোট ১০ বার সময় বাড়ানোর আদেশ পেয়েছেন। আদালত একই আদেশে এ মামলার আসামি দীন মোহাম্মদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, তদন্তে দীর্ঘসূত্রতার কারণে আদালত তদন্তকারী সংস্থার ওপর অসন্তুষ্ট। তাই এবার সময় কম দিয়েছেন। এর আগে তদন্তের যে অগ্রগতি হয়েছে, তার জন্য এই দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল না বলে আদালত অভিমত দেন। তদন্ত কর্মকর্তা ৯০ দিন সময় চেয়েছিলেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করা হয়।