তদন্তে অধিকতর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক পারসেপশন (জনগণের ধারণা) ভালো রাখার স্বার্থে আদেশ দেওয়া হয়েছে৷ তদন্তে বড় ধরনের গরমিল যেন না থাকে, সে জন্য একাধিক সংস্থাকে দিয়ে তদন্ত করার আদেশ দেওয়া হয়৷
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইিড) অগ্রগতি প্রতিবেদন গ্রহণের শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন৷ জটিলতা এড়াতে মামলার তদন্ত থেকে সিআইডিকে অব্যাহতি দেওয়া যায় কি না—আদালতের কাছে এমন পরামর্শ রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ জবাবে আদালত তাঁর এ অবস্থান তুলে ধরেন৷
নির্দেশ অনুসারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরাসরি প্রতিবেদন না দেওয়ায় প্রশ্ন তুলেছেন আদালত৷ আইজিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের মাধ্যমে নিরাপত্তাসংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছেন৷ আদালত প্রত্যক্ষদর্শী সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন৷
আদালত ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় র্যাবের সাক্ষ্য নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন৷ র্যাবকে শুধু বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল৷
আদালত র্যাব, সিআইডি, পুলিশ ও সরকারি তদন্ত কমিটিকে আগামী ৯ জুলাই অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন৷ তবে তার আগে যদি তদন্ত শেষ হয়, তাহলে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে৷
গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পৃথক চারটি প্রতিবেদন উপস্থাপন ও পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিকালে আদালত বলেন, পত্রিকায় এসেছে, ওই অপহরণ ও খুনের ঘটনার চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন। কিন্তু পুলিশের আইজির পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে কিছু বলা হয়নি। আমরা সব সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার কথা বলছি না। তবে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শুরুতে পুলিশের মহাপরিদর্শকের পক্ষে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের পাঠানো প্রতিবেদন তুলে ধরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিহত আইনজীবী চন্দন সরকার ও কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের সদস্য এবং নজরুলের শ্বশুর শহীদ চেয়ারম্যানের নিরাপত্তায় প্রত্যেকের জন্য একজন কর্মকর্তার নেতৃত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন৷ নিহতদের আর তিনটি পরিবারের সদস্যদের নিরাপত্তায় একজন পুলিশ অফিসারের নেতৃত্বে আটজন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। একাধিক দল এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে৷
আদালত বলেন, সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে কিছু বলা হয়নি।
মাহবুবে আলম বলেন, সাঈদীর মামলা পরিচালনা করতে গিয়ে অপরাধের ভয়াবহ নির্মমতা দেখেছি। সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে বাঁচানো যায়নি।
আদালত বলেন, সব সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার কথা বলছি না। পত্রিকায় এসেছে, ওই ঘটনায় চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন। তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া দরকার।
একপর্যায়ে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, প্রতিবেদন দেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এফিডেভিট আকারে আদালতে উনার (আইজিপির) প্রতিবেদন দিতে সমস্যা কোথায়? সশরীরে পুলিশের আইজির আদালতে হাজির হতে কোনো আইনি বাধা নেই। তিনি কি তাঁর ক্ষমতা আদালতের অনুমতি ছাড়া অন্যকে দিয়ে দেবেন?
অ্যাটর্নি জেনারেল বলেন, এটা আনুষ্ঠানিকতার বিষয়। মূল বিষয় হচ্ছে, আদেশ যথাযথভাবে পালন করা হয়েছে কি না৷ ...আইজিপি সে আদেশ যথাযথভাবে পালন করেছেন।
এরপর র্যাবের মহাপরিচালকের পাঠানো প্রতিবেদন তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, বিভিন্ন সময়ে র্যাব-১১ তে কর্মরত ৫৬ জন সদস্যের ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এ ছাড়া অপহরণস্থল ও লাশ উদ্ধারের স্থান পরিদর্শন এবং সেখানে আগত জনসাধারণের মধ্য থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ঘটনায় র্যাব সদস্যদের দায়িত্বে অবহেলা ছিল কি না, সে বিষয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে কোনো সদস্য অপহরণ ও খুনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। তদন্তকালে র্যাব সদস্য ছাড়াও বাইরের লোকদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সময় প্রয়োজন।
আদালত বলেন, র্যাব অপহরণ ও খুনের ঘটনা তদন্ত করবে না বলে আদেশ দেওয়া হয়েছিল৷ বিভাগীয় তদন্ত করতে বলা হয়েছে। তাহলে ১৬১ ধারায় জবানবন্দি কেন?
অ্যাটর্নি জেনারেল বলেন, যখন মামলা থাকে তখন ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়।
আদালত বলেন, এটা হয় মিসকনসিভ (ভুলবশত), না হয় আদালতের আদেশের লঙ্ঘন।
মাহবুবে আলম বলেন, আমি বিষয়টি নোটিশে দেব।
আদালত বলেন, ঘটনা সম্পর্কে সঠিক ধারণা পেতে র্যাবকে খুনের মামলার তদন্ত করতে নিষেধ করা হয়েছিল৷
এরপর সিআইডির প্রতিবেদন তুলে ধরেন ও পড়ে শোনান মাহবুবে আলম। তিনি বলেন, র্যাবের সাবেক তিন সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সদস্য জড়িত থাকার বিষয়ে দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষী জবানবন্দি দিয়েছেন৷ সাবেক র্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সাত খুনের ঘটনায় করা হত্যা মামলা শুরু থেকে তদন্ত করছে ডিবি। তদন্তে তারা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আদেশে ডিবির পাশাপাশি সিআইডিকেও তদন্ত করতে বলা হয়েছে৷ দুই সংস্থা তদন্ত করলে জটিলতা দেখা দিতে পারে। কারণ জব্দ করা আলামত, ফরেনসিক ও ব্যালাস্টিক রিপোর্টসহ সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে থাকে। সিআইডিকে তদন্তকাজ থেকে অব্যাহতি দেওয়া যায় কি?
আদালত বলেন, তদন্তে উনিশ-বিশ হতে পারে কিন্তু পনেরো-বিশ যাতে না হতে পারে, সে জন্য একাধিক সংস্থাকে দিয়ে তদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। আদালত আরও বলেন, মামলার সব আলামত ডিবির তদন্তকারী কর্মকর্তার কাছে থাকবে।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন মাহবুবে আলম৷ তিনি বলেন, কমিটি সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের ডাকবাংলোয় গণশুনানিতে ১৫২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও ৬৪ জন ব্যক্তির পাশাপাশি ঘটনার পাঁচ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য র্যাব-১১-এর সদস্যদের সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হতে পারে। এখন পর্যন্ত সংগৃহীত সাক্ষ্য ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যাচাই-বাছাইয়ের জন্য আরও চার সপ্তাহ সময় প্রয়োজন।
আদালত আগামী ৯ জুলাই পরবর্তী দিন ধার্য করে বলেন, এ সময়ের আগে তদন্ত শেষ হলে ফলাফল ও সুপারিশসহ প্রতিবেদন দেবে।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে হাইকোর্টের এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী এ পর্যন্ত দুই দফায় অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হলো৷