তদবির আ.লীগ নেতার পরীক্ষাকেন্দ্র পাড়াগাঁয়ে
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২৫ হাত দীর্ঘ আধপাকা তিনটি কক্ষ রয়েছে। একটিতে অফিস, অন্য দুটিতে চলে পাঠদান। দুটি কক্ষেরই দরজা-জানালা নেই। নেই প্রয়োজনীয় বেঞ্চ। কারিগরি কলেজে বিদ্যুৎসংযোগ বাধ্যতামূলক। কিন্তু কলেজের দুই কিলোমিটারের মধ্যে বিদ্যুৎ নেই। সীমানাপ্রাচীর দূরের কথা, ভবনের সামনের মাঠটি সম্প্রতি চষা হয়েছে। বিধিমালা লঙ্ঘন করে এমন একটি কলেজে এ বছর কারিগরি বোর্ডের পরীক্ষাকেন্দ্র স্থাপিত হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান প্রভাব খাটিয়ে এমন একটি বিচ্ছিন্ন জনপদে পরীক্ষাকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। তিনি ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাদুল্যাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এবং ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি পার্শ্ববর্তী ছফিরননেছা কারিগরি কলেজের অধ্যক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিবছর সাদুল্যাপুর ডিগ্রি কলেজকেন্দ্রে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এ বছর ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে টেকনিক্যাল কলেজে দ্বিতীয় কেন্দ্র করা হয়েছে। ১ এপ্রিল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।সাদুল্যাপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ কেন্দ্রে তিনটি কারিগরি কলেজের ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে ধাপেরহাট টেকনিক্যাল কলেজের ৬৩ জন, পার্শ্ববর্তী ছফিরননেছা আবদুল শেখ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের ৩৬ এবং হিংগারপাড়া উচ্চবিদ্যালয় ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ৪৫ জন পরীক্ষার্থী রয়েছে। ছোট দুটি কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে পরীক্ষা দিতে হবে। সূত্রটি জানায়, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নির্বাচিত কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা কোনো অবস্থাতেই নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। এ ছাড়া কেন্দ্রের জন্য অনুমোদিত কলেজে অবশ্যই সীমানাপ্রাচীর থাকা, ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রেই অনুষ্ঠিত হওয়া এবং কেন্দ্রের ক্যাম্পাসে প্রাথমিক বিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিজ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যাবে না—এমন বিধান রয়েছে।বিদ্যুৎ না থাকায় নতুন এ কেন্দ্রে কম্পিউটার বিজ্ঞানের মতো বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কীভাবে হবে তা ভাবার বিষয়। কলেজের পরীক্ষার্থী আশিক মাহমুদ ও শাহজাহান মিয়া বলে, ‘ধাপেরহাট টেকনিক্যাল কলেজকেন্দ্রে পরীক্ষা নেওয়ার কথা বলে আমাদের ফরম পূরণ করানো হয়েছে। প্রবেশপত্রে ধাপেরহাট কেন্দ্রের নাম রয়েছে।’এদিকে ২০০২ সালে এক একর জমির ওপর কলেজটি গড়ে ওঠে। ২০০৪ সাল থেকে কলেজের ছাত্রছাত্রীরা চূড়ান্ত পরীক্ষা দিয়ে আসছে। কিন্তু কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। শিক্ষক-কর্মচারীদের চাকরিও স্থায়ী হয়নি। তার পরও কেন্দ্র হওয়ায় তারা খুশি।ধাপেরহাট গ্রামের আবদুল কুদ্দুস বলেন, ‘নিভৃত এলাকার কেন্দ্রে নকলের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কলেজের অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে নিজ কলেজের পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা রয়েছে।’কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার বলেন, ‘নকল করার সুযোগ দেওয়া হবে না। যোগাযোগের সুবিধার্থে এখানে কেন্দ্র নেওয়া হয়েছে।’ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেন্যু করে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে।’ এ প্রসঙ্গে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান বলেন, ‘দলীয় প্রভাব খাটিয়ে পরীক্ষাকেন্দ্র স্থাপনের অভিযোগ সত্য নয়। ধাপেরহাট থেকে ১২ কিলোমিটার দূরে সাদুল্যাপুরে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে। তাই যোগাযোগ-সুবিধার জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সুপারিশে কেন্দ্র পাওয়া গেছে।’বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষানিয়ন্ত্রক মো. আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘সরকারের উচ্চপর্যায় থেকে সুপারিশ আসায় ওই কলেজে কেন্দ্র দিতে বাধ্য হয়েছি।’