তদবির করতে গিয়ে দণ্ডিত
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে তদবির করতে এসে ফেঁসে গেলেন বিএনপির এক স্থানীয় নেতা। আদালত ওই নেতাকে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়ের। দণ্ডপ্রাপ্ত ওই নেতার নাম মো. নূরুজ্জামান খসরু (৪০)। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির মালা-টগরবন্দ সড়কের বড়ভাগ বিল এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে যাওয়ার সময় এর চালকসহ ১৪ জন তরুণকে আটক করেন। এ সময় গাড়ি তল্লাশি করে কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরদিন সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গতকাল বেলা একটার দিকে আলফাডাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালতে ইউএনও মোহামঞ্চদ আবুল খায়ের ওই ১৪ জন তরুণের বিচার করছিলেন। এ সময় নূরুজ্জামান খসরু আদালতে হাজির হয়ে বিচারকাজে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তিনি আটক তরুণদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং আদালতের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে আদালত সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁকে দণ্ডাদেশ দেন। এ ছাড়া রাতে আটক তরুণদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড পাওয়া তরুণেরা হলেন: মো. সাজ্জাদ শেখ, রাকিবুল হাসান, হূদয় শেখ, সৈয়দ তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, পারভেজ মিয়া, আরিফ সর্দার, রুবেল মোল্লা, মো. রুবেল, কামরান মোল্লা, জসীম মোল্লা, নাহিদ মোল্লা, রাজিব মিয়া ও মাইক্রোচালক আখের মোল্লা।