ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী শেষ মুহূর্তে তদবির চালাতে গতকাল সোমবার ঢাকায় গেছেন। এদিকে আওয়ামী লীগ থেকে একজনের নাম কেন্দ্রে পাঠানো হলেও মনোনয়ন দৌড়ে রয়েছেন আরও একজন।
বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার আগে মেয়র পদের জন্য কমপক্ষে আটজন প্রার্থী নিজেদের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার চালান। গতকাল পর্যন্ত সাতজন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। তাঁরা হলেন: পৌর বিএনপির সভাপতি শমশের আলী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেল মোস্তাক, বিএনপির সমর্থক রফিকুল ইসলাম, চান মাহমুদ ও ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল ফজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ। তাঁদের মধ্যে রফিকুল ছাড়া বাকি সবাই গতকাল ঢাকায় গিয়ে তদবির চালান।
গতকাল বিকেলে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে চারজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, মনোনয়ন পেতে তাঁরা সবাই নিজেদের মতো করে কেন্দ্রে তদবির করছেন। এ বিষয়ে তদবিরের প্রধান মাধ্যম হচ্ছেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শামছুউদ্দিন আহমেদ। তিনি যাঁকে সমর্থন করবেন তিনিই মেয়র পদের মনোনয়ন পাবেন। শামছুউদ্দিন আহমেদ ঢাকায় অবস্থান করায় গতকাল মনোনয়নপ্রত্যাশী ছয়জন ঢাকায় যান।
মনোনয়নপ্রত্যাশী শমশের আলী বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। ঢাকায় থাকার উদ্দেশ্য হলো সুযোগ পেলে চেয়ারপারসনের সঙ্গে দেখা করা। আমার অবস্থানটা সঠিকভাবে তাঁর (খালেদা জিয়া) কাছে তুলে ধরা। মনোনয়নপ্রত্যাশী সবাই ঢাকায় অবস্থান করছেন।’
রফিকুল ইসলাম বলেন, ‘তদবির করতে আমি ছাড়া বাকি ছয়জনই ঢাকায় গেছেন। মায়ের অসুস্থতার কারণে আমি যেতে পারিনি।’
এ বিষয়ে জানতে শামছুউদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে দলের মনোনয়নের জন্য বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। অপর প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাও মনোনয়ন দৌড়ে আছেন।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মজিবুর রহমান খান বলেন, আওয়ামী লীগের একজন প্রার্থীর নাম পাঠানো হয়েছে। তবে তাঁর নাম এখন বলা যাবে না।
গোলাম কিবরিয়া বলেন, ‘মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’
ফুলবাড়িয়া পৌরসভার কয়েকজন ভোটার বলেন, মেয়র পদে অপর মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী এস এম শাজাহান প্রচারণা চালাচ্ছেন। কেউ বলেন তিনি বিএনপির আবার কেউ বলেন তিনি জামায়াতের প্রার্থী।
তবে এস এম শাজাহান বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করতে চাই। আমাকে নিয়ে ছড়ানো বিভ্রান্তির বিষয়টি জানা নেই।’