তদবির করে কলেজের সভাপতি হয়ে পেলেন সোনার নৌকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মণ্ডল তিলকপুর নূরনগর ইউনাইটেড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাঁকে জাঁকজমকপূর্ণভাবে সংবর্ধনা দিয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ সোনার নৌকা উপহার দিয়ে নতুন সভাপতিকে বরণ করেন। অনুষ্ঠান শেষে দুই শতাধিক অতিথিকে ভূরিভোজ করানো হয়। স্থানীয় সূত্র জানায়, তিলকপুর নূরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে কলেজটি এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়। গত বছর মহাজোট ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মণ্ডল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হতে চেষ্টা চালাতে শুরু করেন। তিনি জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সাংসদ শাহিন মনোয়ারা হকের সুপারিশ নিয়ে কলেজের অধ্যক্ষকে দেন। কিন্তু অধ্যক্ষ তা আমলে নেননি। পরে তিনি সাংসদের সুপারিশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাখিল করেন। এরপর কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরাও মোকছেদকে সভাপতি করার সুপারিশ করেন। কলেজ সূত্র জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছরের ২৩ নভেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদ থেকে আক্কেলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার করে মোকছেদকে ওই পদে ২০১১ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি পাওয়ার পর নতুন সভাপতিকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেয় কলেজ কর্তৃপক্ষ। তিলকপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংবর্ধনা শুরুর আগে মোটরসাইকেলের বহর নিয়ে মোকছেদ কলেজে আসেন। কলেজের অধ্যক্ষ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপর আনুষ্ঠানিকভাবে কলেজের সভাপতিকে সোনার নৌকা উপহার দেন অধ্যক্ষ একরামুল হক। শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল আলিম জানান, সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দাওয়াত করা হয়েছিল। জরুরি কাজ থাকায় প্রধান শিক্ষকের বদলে তিনি অনুষ্ঠানে যোগ দেন। কলেজের নতুন সভাপতি মোকছেদ বলেন, ‘আমি এই কলেজের সভাপতি হই, তা কখনোই অধ্যক্ষ চাননি। আমি কলেজের সভাপতি হওয়ার পর কলেজের উদ্যোগে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তবে এ ধরনের সংবর্ধনা চাইনি।’ অধ্যক্ষ একরামুল হক সোনার নৌকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কলেজের নতুন সভাপতি যাতে মনে রাখেন, সেই জন্য এই সামান্য উপহার দিয়েছি।’ সোনার নৌকার ওজন কত হবে—জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাবে না।