তদবির-সংস্কৃতি পরিহারের আহ্বান তথ্যমন্ত্রীর

তদবির-সংস্কৃতি পরিহার করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া অপরাধী যেই হোক তাঁকে ছাড় না দেওয়ার পরামর্শ দেন তিনি।
রাজধানীর এক হোটেলে আজ রোববার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও তথ্য কমিশনের দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি (পিএমএস) বিষয়ে এই সেমিনারের আয়োজন করে।
হাসানুল হক ইনু বলেন, দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকর করতে হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। সরকারি কর্মকর্তাদের সংবিধান ও আইনানুযায়ী চলতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন পিএসসির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হোসাইন।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, তথ্য কমিশনার খুরশিদা বেগম সাঈদ প্রমুখ।