তদবির সংস্কৃতির কারণে দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ’ বিতরণ অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ’ বিতরণ অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম l ছবি: প্রথম আলো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তদবির-সংস্কৃতির কারণে দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে। প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আহ্বান, মুখ দেখে, দল দেখে কাউকে প্রশ্রয় দেবেন না, দুর্নীতিকে ছাড় দেবেন না।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয়ী পাঁচজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। পুরস্কার পাওয়া সাংবাদিকেরা হলেন জাতীয় দৈনিক পত্রিকা শ্রেণিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, আঞ্চলিক সংবাদপত্র শ্রেণিতে যশোরের গ্রামের কাগজ-এর মোসাম্মাৎ খুরশীদ মহল, সাপ্তাহিক শ্রেণিতে নিউ এজ-এর সাপ্তাহিক সাময়িকের সাদিকুর রহমান, টেলিভিশন শ্রেণিতে মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা ও টেলিভিশন ক্যামেরাপারসন শ্রেণিতে একই টেলিভিশনের মেহেদী হাসান। এই পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিজয়ীরা ৩০ জুন থেকে ২ জুলাই জার্মানিতে গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেবেন।
প্রতিযোগিতার জুরিবোর্ডের সদস্য ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের দম্ভোক্তি নিয়ে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে শামীম ওসমানের বক্তব্যের নিন্দা জানান। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার নাসির উদ্দিন আহমেদ, তথ্যসচিব মরতুজা আহমেদ, আইন মন্ত্রণালয়ের ‘জাস্টিস রিফর্ম ও করাপশন প্রিভেনশন’ প্রকল্পের পরিচালক আবু আহমেদ জমাদার, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।