তদবিরকে অকার্যকর করে দিয়েছে ডিজিটাল ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সরকারি সংস্থাগুলো তাদের বিভিন্ন কার্যক্রম ডিজিটালাইজ করেছে। ডিজিটাল ব্যবস্থা তদবিরকে অকার্যকর করে দিয়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে এ ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব, পেশিশক্তি বা পয়সার দাপট চলবে না। গতকাল শনিবার চট্টগ্রামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন প্রশিক্ষণ মাঠে তিন দিনব্যাপী এ মেলার আয়োজক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কত সহজে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রতিনিয়ত সেই চেষ্টা করা হচ্ছে। সরকারি অফিসগুলো থেকে এ বিষয়ে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। জমির খাজনা পরিশোধ ও নামজারি পাওয়ার প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে, মেডিকেলে ভর্তিপ্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। নৈর্ব্যক্তিকভাবে সবকিছু যদি অনলাইনে হয়, তাহলে সেখানে কারও হস্তক্ষেপ করার সুযোগ থাকে না।
আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয়ের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর ব্যাপকতা বাড়ানো গেলে দারিদ্র্য আরও কমে যাবে। এ ছাড়া প্রযুক্তিগতভাবে দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে দেশে রেমিট্যান্স অনেক বেড়ে যাবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম অনুষ্ঠানে বলেন, সাধারণ নাগরিকদের সেবা দেওয়ার জন্য পুলিশ হেল্প লাইন চালু করেছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তি অভিযোগ বা পরামর্শ দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কাজও শুরু হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, চট্টগ্রাম জেলার ব্র্যান্ডিংয়ের জন্য হালদা নদীকে বেছে নেওয়া হয়েছে। এই নদীর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, এটিই একমাত্র নদী যার উৎপত্তি বাংলাদেশে। এই নদীতে রয়েছে সাউথ এশিয়ান রিভার ডলফিন।
অনুষ্ঠানের সভাপতি মো. রুহুল আমীন বলেন, বিভিন্ন সরকারি উদ্ভাবনী সেবাকে জনগণের সামনে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি জেলার অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। মেলায় জেলাগুলোর সেই বিশেষ বৈশিষ্ট্যও তুলে ধরা হচ্ছে।
আয়োজকেরা জানান, মেলায় মোট ১০৯টি স্টল রয়েছে। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। কাল সোমবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনলাইন সেবা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবিদুর রহমান বলেন, ঘরে বসে গ্রাহকেরা কীভাবে অনলাইন ও এসএমএসের মাধ্যমে টিকিট কাটবেন, তা দেখানো হচ্ছে মেলায়। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমে হটলাইন সেবা, ট্রেন ট্র্যাকিং সেবা সম্পর্কেও দর্শনার্থীদের ধারণা দেওয়া হচ্ছে।