তদবিরে গণভবনে প্রবেশে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নারীনেত্রীরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন
নিয়ে স্পষ্ট কিছু না বলায় নারীনেত্রীদের গণভবনকেন্দ্রিক দৌড়ঝাঁপ বেড়ে গেছে।
গণভবন সূত্রে জানা গেছে, নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের তদবিরে অনেকটা বিরক্ত খোদ প্রধানমন্ত্রীও। তিনি তফসিল ঘোষণার আগ পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশের পাস না দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচন কমিশন ২৩-২৪ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। ২৩-২৪ ফেব্রুয়ারি তফসিল হলে ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। পরদিন এ তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী দলের শীর্ষস্থানীয় নেতাদের জানিয়েছেন, এবার জেলা পর্যায় থেকে ২০ জনকে মনোনয়ন দেওয়া হবে। বিশেষ করে, যেসব নারীনেত্রী জেলা পর্যায়ে রাজনীতি করেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব জেলা থেকে আগে কখনো নারী সাংসদ মনোনয়ন দেওয়া হয়নি, সেসব জেলাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ রকম ২০ জেলার একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কঠোর গোপনীয়তার মধ্যে প্রধানমন্ত্রী নারী আসনে মনোনয়ন নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী দলীয় মনোনয়নের একটি সংক্ষিপ্ত তালিকা করেছেন। এতে সরাসরি রাজনীতি করেন না, এমন কেউ কেউও রয়েছেন। তবে তিনি এ বিষয়ে এখনো দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেননি। এ ছাড়া নবম সংসদে সংরক্ষিত আসনে সাংসদ ছিলেন দলের এমন বেশ কয়েকজন নেত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী পুরোনোদের এবার না নেওয়ার কথা তাঁদের সরাসরি বলে দিয়েছেন। তবে কেউ কেউ মনে করছেন, পুরোনো পাঁচ-ছয়জনকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হতে পারে।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এবার শিক্ষিত, বঞ্চিত ও স্বচ্ছ ভাবমূর্তির নারীদের বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে চাঁদপুর জেলা থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নূরজাহান মুক্তা, জামালপুর জেলা থেকে ছাত্রলীগের সাবেক নেত্রী মারুফা আক্তার, টাঙ্গাইল জেলা থেকে মনোয়ারা বেগম, পঞ্চগড় জেলা থেকে মুক্তি মির্জা, মহিলা লীগ থেকে পুনম নইম শিরিন মনোনয়ন পেতে পারেন। আর পুরোনোদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন্নেছা বাপ্পীসহ কয়েকজনের সম্ভাবনার কথা বলছেন কেউ কেউ।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ জোটের ওয়ার্কার্স পার্টির নেত্রী হাজেরা সুলতানা এবং জাসদ থেকে কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন।
সংবিধান অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো আনুপাতিক হারে পাবে। অর্থাৎ দলগুলো প্রতি ছয়জনে একজন নারী সাংসদ পাবে। ২৯৭ আসনের নির্বাচনে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, স্বতন্ত্র ১৬, তরীকত ফেডারেশন দুই, জাতীয় পার্টি (জেপি) দুই এবং বিএনএফের একজন সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন এবং বিএনএফকে নিয়ে জোট গঠন করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। এ জোটের সদস্য ২৪৫ জন। ফলে আওয়ামী লীগ জোট ৪১টি আসন পাবে। জাতীয় পার্টি ছয়টি এবং স্বতন্ত্র সাংসদেরা জোট গঠন করায় তাঁরা তিনটি আসন পাবেন।