চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম
তদারক করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের সমন্বয়ে তদারকি দল গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তারা করপোরেশনের ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করবে।
গতকাল বৃহস্পতিবার সকালে করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এ বৈঠক করেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে গত বুধবার প্রথম আলোতে ‘একাধিক উদ্যোগ, সফল হচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর মেয়র জরুরি ভিত্তিতে এ বৈঠক করেন। বৈঠকে মেয়র নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।
চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে থাকবেন দলপতি, সুপারভাইজার, পরিদর্শক ও তত্ত্বাবধায়ক। এ জন্য ৪১ জন করে দুই বেলায় মোট ৮২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবেন।
এ ছাড়া মেয়র মন্জুর আলম ডাস্টবিন ও কনটেইনারগুলোকে দুর্গন্ধমুক্ত রাখতে প্রতিদিন ব্লিচিং পাউডার ছিটানো এবং আবর্জনাবাহী গাড়িগুলো পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এদিকে মেয়র মন্জুর আলম করপোরেশনের কর্মরত চতুর্থ শ্রেণীর স্থায়ী-অস্থায়ী কর্মচারীদের ইউনিফরম দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন। তিনি দায়িত্ব পালনের সময় কর্মচারীদের ইউনিফরম পরিধান করার জন্য নির্দেশ দেন।
গতকালের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম প্রমুখ।