তদারক কর্মকর্তা ছাড়াই পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষার সাতটি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার তদারক কর্মকর্তা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পরীক্ষাকেন্দ্রে যাননি দায়িত্বপ্রাপ্ত তদারক কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় সাতটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইউএনও সব কেন্দ্রের সভাপতি হিসেবে প্রতি কেন্দ্রে দুজন করে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাকে কেন্দ্র তদারক কর্মকর্তা নিয়োগ দেন। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই সাতটি কেন্দ্রে ১৪ জন তদারক কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা। গত মঙ্গলবার নেকজাহান পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ করার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। সে সময় সংশ্লিষ্ট কেন্দ্রের তদারক কর্মকর্তা লাঞ্ছিত হন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তদারক কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ‘কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সমস্যা হয়েছে। তাই নিরাপত্তাহীনতার কথা বিবেচনা করে আমরা পরীক্ষাকেন্দ্রে যাইনি।’ ইউএনও দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, ‘নিরাপত্তাহীনতার কারণে তাঁরা আজ পরীক্ষাকেন্দ্রে যাননি। তবে কোনো কেন্দ্রে পরীক্ষা নিতে সমস্যা হয়নি।’