তদারকি কমিটি হয়নি, বাড়ছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা কারখানায় শ্রমিক সুরক্ষা ও পরিবেশ ছাড়পত্রের শর্ত মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ২০১১ সালে হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সেই কমিটি আজও হয়নি। উল্টো পুরোনো জাহাজ আমদানি বাড়ছে। থেমে নেই দুর্ঘটনাও। গত পাঁচ বছরে নিহত হয়েছেন ৬৬ জন শ্রমিক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রথম ছয় মাসে (জুন পর্যন্ত) পুরোনো জাহাজ আমদানি হয়েছে ১৩২টি। গত বছর আমদানি হয় ২১৯টি। ২০১৩ সালে ২০১টি, ২০১২ সালে ২২৯টি এবং ২০১১ সালে ১২২টি জাহাজ আমদানি করা হয়।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, কমিটি গঠন না করায় জাহাজভাঙা কারখানার শ্রম পরিবেশ নিয়ে কার্যত তদারকির ব্যবস্থা নেই। ফলে শর্ত ভঙ্গ করে জাহাজভাঙা কারখানাগুলো চলছে। সর্বশেষ ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় শীতল এন্টারপ্রাইজ নামের কারখানায় (ইয়ার্ডে) আগুনে আট শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে গত শনিবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এ নিয়ে চলতি বছরে বিভিন্ন ইয়ার্ডে দুর্ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হন।
জাহাজভাঙা কারখানার শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার মো. আলী শাহীন জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিরা ও ভাটিয়ারীর বিভিন্ন জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় ২০১৪ সালে ২১ জন, ২০১৩ সালে ১৩ জন, ২০১২ সালে ১০ জন এবং ২০১১ সালে ১২ জন শ্রমিক নিহত হয়েছেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি জনস্বার্থমূলক মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৯ সালে বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ বাংলাদেশে ঢোকার আগে দূষণমুক্ত করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্পসংক্রান্ত প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশ দেন। একই মামলায় ২০১১ সালে হাইকোর্ট আরেকটি নির্দেশ দেন, সেখানে জাহাজভাঙা কারখানাগুলো পরিবেশ ছাড়পত্রের শর্তাবলি এবং শ্রমিক সুরক্ষার বিষয়টি মেনে চলছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর শিল্প মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় পৃথক দুটি বিধিমালা প্রণয়ন করে।
জানতে চাইলে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিধিমালা দুটি পরস্পর সাংঘর্ষিক। ফলে শ্রমিক ও পরিবেশের স্বার্থ রক্ষা হচ্ছে না। আদালত ২০১১ সালে জাহাজভাঙা কারখানার শ্রমপরিবেশ পর্যবেক্ষণে একটি নিরপেক্ষ কমিটি গঠন করার নির্দেশ দেন। এত বছরে ওই কমিটি করা হয়নি। কারখানার সব দুর্ঘটনার খবর জানাও যায় না।
তদারকি কমিটি না হওয়ার বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জাহাজভাঙা শিল্পের পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা উদ্বিগ্ন। কেন তদারকি কমিটি হয়নি তা খতিয়ে দেখব এবং দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেব।’
শীতল এন্টারপ্রাইজে দুর্ঘটনার শিকার শ্রমিকদের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত সোম ও মঙ্গলবার কথা বলে প্রথম আলো। তাঁরা বলেন, দুর্ঘটনার সময় তাঁদের গায়ে নিরাপত্তা পোশাক ছিল না। দগ্ধ শ্রমিক মো. শাহজাহান গত মঙ্গলবার হাসপাতালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় তাঁর গায়ে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ছিল না। পোশাকটি ভারী ও গরম লাগে বলে তিনি পিপিই পরতেন না। গত শনিবার রাতে হাসপাতালে মারা যান তিনি।
জাহাজভাঙা কারখানায় একের পর এক দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানির বিষয়ে কলখারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইয়ার্ডগুলো বিধিমালার শর্তগুলো ঠিকমতো মানলে দুর্ঘটনা রোধ করা যায়। আমরা পরিদর্শনে গেলে তাড়াহুড়া করে পোশাক পরে। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও অনেক কারখানার নেই।’
জাকির হোসেন বলেন, বিধি বা শর্ত লঙ্ঘনের দায়ে চলতি বছর ২০টি কারখানাকে নোটিশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য শীতল এন্টারপ্রাইজের যদি কোনো অবহেলা থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার সরেজমিনে সীতাকুণ্ডের কয়েকটি ইয়ার্ডে গিয়ে দেখা যায়, পিপিই ছাড়া চলছে জাহাজ কাটার কাজ। কুমিরা এলাকার বিবিসি স্টিল নামের শিপ ব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা সরঞ্জাম গ্লাভস, বুট, হেলমেট এবং পিপিই ছাড়া কাজ করতে দেখা যায় শ্রমিকদের। একই চিত্র দেখা গেছে পাশের সেভেন বি নামের ইয়ার্ডে।
এ বিষয়ে দুটি কারখানার মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।
রফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, ওই পোশাক পরে কাজ করতে সমস্যা হয়। তাই কেউ তা পরতে চায় না।
শীতল এন্টারপ্রাইজে গিয়েও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের কাজ করতে দেখা যায়। কারও কারও হাতে গ্লাভস দেখা গেলেও বেশির ভাগেরই মাথায় হেলমেট ছিল না।
শীতল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (প্রশাসন) আ ফ ম কাশেম বলেন, ‘শ্রমিকেরা পিপিই পরতে চায় না।’
ইয়ার্ডগুলোকে এখন শিল্প মন্ত্রণালয়ের অধীন কলখারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ৫৬টি শর্ত পূরণ করে পরিবেশ ছাড়পত্র নিতে হয়। পরিবেশ সংরক্ষন আইন, শ্রম আইন, জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাসহ নানা আইনের আলোকে এই ৫৬টি শর্ত নির্ধারণ করা হয়। শর্তগুলোর মধ্যে শ্রমিকদের নিরাপত্তা বিধানের জন্য পিপিই পরিধান করা, বর্জ্য সংরক্ষণাগার স্থাপন, তেল ছড়িয়ে পরিবেশদূষণ না করা, পুরোনো জাহাজের গ্যাসমুক্ত করার আগে বিস্ফোরক অধিদপ্তরকে অবহিত করা এবং তাদের ছাড়পত্র নেওয়া অন্যতম।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মকবুল হোসেন বলেন, ‘সব শর্ত সবাই মানে না। অনেক শিপইয়ার্ড ছাড়পত্র নবায়নও করে না। আমরা তখন নোটিশ করি। আর ইয়ার্ডগুলোর ওপর এখন আমাদের একক নিয়ন্ত্রণ নেই। শিল্প মন্ত্রণালয়ও দেখে।’
জাহাজভাঙা কারখানাগুলোর শর্ত না মানার বিষয়টি বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক তোফাজ্জল হোসেনও স্বীকার করেন। তিনি বলেন, শ্রমিকেরা যদি নিরাপত্তা পোশাক পরতেন তাহলে হতাহতের ঘটনা কম হতো।
এ বিষয়ে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি আবু তাহের বলেন, এখন ইয়ার্ডগুলো আগের চেয়ে অনেক বেশি শর্ত মানে। সব ধরনের সুরক্ষার ব্যবস্থা বেশির ভাগ ইয়ার্ডে আছে। তবে শ্রমিকেরা সুরক্ষা পোশাক পরতে চান না। তিনি বলেন, শ্রমিকেরা যাতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজ করেন সে বিষয়ে আমাদের কঠোর নির্দেশ রয়েছে। এ কারণে দূষণ ও দুর্ঘটনা এখন অনেক কম হচ্ছে।
বিএসবিএ ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে সব মিলিয়ে ১৮০টির বেশি ইয়ার্ড রয়েছে। এর মধ্যে ১৪২টি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রপ্রাপ্ত। কলখারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে প্রায় ১০০টির। তবে এখন পুরোনো জাহাজভাঙার কাজ চলছে প্রায় ৬০টি ইয়ার্ডে। অন্যগুলো কার্যত বন্ধ। এসব ইয়ার্ডে ২০ হাজারের মতো শ্রমিক কাজ করেন।