তদারকি কমিটির সভা, তালিকা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘কোচিং-বাণিজ্য’ বন্ধে গতকাল বুধবার তদারকি (মনিটরিং) কমিটির সভা হয়েছে।
এদিকে সভার চিঠিতে কোচিং-বাণিজ্যে জড়িত শিক্ষকদের তালিকা নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা থাকলেও সংশ্লিষ্ট উপকমিটির সদস্যদের কাছ থেকে তা পাওয়া যায়নি বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মনিটরিং কমিটির সভা শুরু হয়। সভায় কমিটির সদস্যসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, কমিটির সদস্য জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কোচিং-বাণিজ্য বন্ধে ২০১২ সালে প্রণীত নীতিমালা মেনে চলা সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র জানায়, গত বছরের ২৯ আগস্ট মনিটরিং কমিটির প্রথম সভা হয়। ওই সভায় কোচিং-বাণিজ্যে জড়িত শিক্ষকদের তালিকা তৈরি করে ১৫ দিনের মধ্যে তা কমিটির সদস্যসচিব বরাবর পাঠাতে বলা হয়। গতকালের সভায় এ তালিকা নিয়ে যেতে উপকমিটির সদস্যদের নামে চিঠি পাঠানো হয়েছিল।
সমীর কান্তি দেব গতকাল দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করান এবং নীতিমালা না মেনে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং করানো হয় বলে বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে সহসা অভিযান চালানো হবে। জড়িত শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’