তদারকি দুর্বলতাতেই খালি কনটেইনারে শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালি কনটেইনারে করে শ্রমিকের বিদেশে চলে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী বন্দরের ভেতর খালি কনটেইনার ঢোকার সময় এর দরজা খোলা রাখতে হয়। এরপর জাহাজে তোলার আগে খালি কনটেইনারের ভেতরে কিছু রয়েছে কি না, তা-ও পরখ করে দেখতে হয়।
খালি কনটেইনারটি আসলেই খালি অবস্থায় জাহাজে তোলা হচ্ছে—এটি নিশ্চিত করার দায়িত্ব কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, জাহাজে কনটেইনার ওঠানোর দায়িত্বে নিয়োজিত বেসরকারি সংস্থা ও শিপিং এজেন্টের প্রতিনিধিদের। নিরাপত্তার ফাঁক গলে খালি কনটেইনারে শ্রমিকের উঠে পড়ার ঘটনায় পণ্য খালাসের সনাতন পদ্ধতিকে (বন্দরের মূল চত্বরে কনটেইনার খুলে শ্রমিকদের দিয়ে পণ্য খালাস করা) দায়ী করেছেন বন্দর কর্মকর্তারা। তাঁরা বলছেন, সনাতন পদ্ধতির কারণে পণ্য খালাসের জন্য প্রতিদিন ১০-১২ হাজার লোক বন্দরে প্রবেশ করে। একসঙ্গে এত লোকের তদারকের বিষয়টি অত্যন্ত কঠিন। বিশ্বের উন্নত বন্দরগুলোর মূল চত্বরে এভাবে পণ্য খালাস করা হয় না।
গত দুই বছরে খালি কনটেইনারে ঢুকে চট্টগ্রাম বন্দর থেকে বিদেশ যাওয়ার চেষ্টা হয়েছে দুবার। আর ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেছে সাতটি। সর্বশেষ ১৯ অক্টোবর ভারতের বিশাখাপট্টনম বন্দরে খালি কনটেইনার থেকে রোহান হাসান নামের বাংলাদেশি এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাঁকে এখনো দেশে ফেরত আনা হয়নি। এ ঘটনায় ২১ অক্টোবর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২০১১ সালের ১০ এপ্রিল সিঙ্গাপুর বন্দরের একটি টার্মিনালে খালি কনটেইনার থেকে দুই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের একজন ছিলেন মৃত। কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছিল।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ আইএসপিএস কোড চালু করা হয় ২০০৪ সালের জুলাই মাসে। আইএসপিএস কোড অনুযায়ী বন্দরে নিরাপত্তা-ঝুঁকি শনাক্ত করে সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব বণ্টন করা আছে।
২০১১ সালের ১ এপ্রিল কনটেইনারে আটকা পড়ে দুই শ্রমিকের সিঙ্গাপুর চলে যাওয়ার ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার তদারকিতে থাকা উচ্চপর্যায়ের কমিটির (ডেজিগনেটেড অথরিটি কমিটি) বৈঠকে সিদ্ধান্ত হয়, খালি কনটেইনার জাহাজে তোলার আগে কনটেইনারের মালিকপক্ষ, শুল্ক কর্তৃপক্ষ ও বেসরকারি অপারেটরের প্রতিনিধিকে কনটেইনার যাচাই-বাছাই করতে হবে।
বন্দরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বন্দর দিয়ে ৪ লাখ ১৫ হাজার কনটেইনার খালি অবস্থায় বিদেশে পাঠানো হয়। প্রতিদিন গড়ে ১ হাজার ১৪৫টি খালি কনটেইনার জাহাজে তুলে বিদেশে পাঠানো হয়েছে। নিরাপত্তাব্যবস্থা অনুযায়ী খালি কনটেইনার বন্দর ফটক দিয়ে ঢোকার সময় একবার এবং জাহাজে তোলার আগে দ্বিতীয়বার দরজা খুলে যাচাই করা হয়।
বাংলাদেশে আইএসপিএস কোড বাস্তবায়ন-সংক্রান্ত কমিটির প্রধান সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ভারতের উদ্ধার হওয়া ব্যক্তিটি কীভাবে চট্টগ্রাম থেকে খালি কনটেইনারে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। কার বা কাদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে শনাক্ত করা হবে।
বন্দরের তথ্য অনুযায়ী, ওই কনটেইনারটি চট্টগ্রামের ইপিজেড এলাকার বেসরকারি ডিপো কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেড থেকে এনে ৭ অক্টোবর এনসিটি-২ জেটিতে অপেক্ষমাণ ‘এমভি সিনার বাটাম’ জাহাজে তুলে দেওয়া হয়েছিল। জাহাজটি বিশাখাপট্টনম বন্দরে পৌঁছায় ৯ অক্টোবর। জাহাজ থেকে কনটেইনার নামিয়ে ওই বন্দর চত্বরে রাখা হয়েছিল। সেখান থেকে খালি কনটেইনারটি ট্রেইলারে তোলার সময় ভেতরে মানুষ থাকার বিষয়টি নিশ্চিত হন সে দেশের বন্দরের কর্মীরা। উদ্ধার হওয়া ব্যক্তি ঠিক কোন স্থান থেকে কনটেইনারটিতে উঠেছেন, তা এখনো শনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, বিশ্বের কোনো বন্দরের মূল চত্বরে কনটেইনার খুলে পণ্য খালাস করার পদ্ধতি চালু নেই। এই পদ্ধতির কারণে প্রতিদিন ১০-১২ হাজার লোক বন্দরের ভেতরে ঢুকছে। এই বিপুলসংখ্যক লোকের মধ্যে কেউ কনটেইনারে ঢুকে পড়লে শনাক্ত করা কঠিন। এ জন্য বন্দরের মূল চত্বরের বাইরে কনটেইনার পণ্য খালাসের পদ্ধতি চালু করতে হবে। তাহলে এসব ঘটনা পুরোপুরি রোধ করা যাবে।