তদারকির জন্য ঘাটে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম নদীবন্দর মাওয়া ও কাওড়াকান্দি ঘাট সার্বক্ষণিক তদারকির (মনিটরিং) জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন যাত্রীরা। তাঁরা মনে করেন, পর্যাপ্ত তদারকির অভাবে পিনাক-৬ অতিরিক্ত যাত্রী বহন করেছিল। লঞ্চটি ডোবার অন্যতম কারণ অতিরিক্ত যাত্রী বহন।
কয়েকজন যাত্রী অভিযোগ করেন, তদারকি সেল না থাকায় গতকালও কর্তৃপক্ষের নজর এড়িয়ে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে কয়েকটি লঞ্চকে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে।
মাওয়া ঘাটে গতকাল একাধিক যাত্রীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, লঞ্চ দুর্ঘটনার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতা মেনে গুনে গুনে যাত্রী তোলা হচ্ছে। সব ক্ষেত্রে তৎপরতা দেখা যাচ্ছে। তবে এই তৎপরতা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়।