তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের বিপথগামী হওয়া রোধ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি, আচার-আচরণ ও চলাফেরা তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের বিপথগামী হওয়া রোধ করা সম্ভব।
গতকাল শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে কারিগরি শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের কেউ কেউ সন্ত্রাসী হামলা ও জঙ্গি তৎপরতায় লিপ্ত হচ্ছে বলে সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা যাচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, গতানুগতিক সনদসর্বস্ব লেখাপড়া থেকে বেকারত্বের হতাশাগ্রস্ত তরুণদের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। কারিগরি শিক্ষায় বেকার সৃষ্টির কোনো আশঙ্কা নেই। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারে কাজ করে যাচ্ছে।
শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কয়েকজন অধ্যক্ষ সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে তাঁদের প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তাব্যবস্থা তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ও কারিগরি শিক্ষকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বন্দীদের আত্মীয়স্বজনের ভিড়
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পুরান ঢাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে কারাবন্দীদের আত্মীয়স্বজনের ভিড় দেখা গেছে। তবে দর্শনার্থীরা বন্দীদের দেখা পাননি। গতকাল শনিবার সকাল থেকে কারারক্ষীদের মালামাল, আসবাব ও কারাগারে ব্যবহৃত জিনিসপত্র পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে নিয়ে আসা হয়।
এদিকে সকাল থেকে কারাগারের আশপাশের এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তার সংযোগ করতে ব্যস্ত ছিলেন বিদ্যুৎকর্মীরা।
কারাসূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এক যুবককে জামিন নিয়ে বের হতে দেখা গেছে। এ ছাড়া দুজন আসামিকে র্যাব-৩-এর সদস্যরা কারাগারে হস্তান্তর করেছেন।
গতকাল সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় গিয়ে দেখা গেছে, কারাগারের মূল ফটক থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা মহাসড়কের সামনে শতাধিক নারী-পুরুষের ভিড়।
নীলফামারী থেকে আসা ফারুক আহমেদ জানান, টাকা লেনদেনসংক্রান্ত মামলায় ২৫ জুলাই তাঁর বড় ভাই বুলবুল আহমেদকে পুলিশ আটক করার পর তাঁকে জেলহাজতে পাঠিয়েছে। তাঁকে দেখতে এসে শুনেছেন কোনো বন্দীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে না।
কারাগারে দেয়ালের চারপাশ এলাকায় বৈদ্যুতিক কাজে কর্মরত মানিক পাল জানান, কিছু কিছু বৈদ্যুতিক তার ও বাতি নষ্ট হয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে।
জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর সাংবাদিকদের বলেন, গত শুক্রবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৬ হাজার ৫১১ জন বন্দীকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ জন্য কারাগারের অভ্যন্তরের নিয়ম অনুযায়ী সব কাজকর্ম শুরু করা হয়েছে। বন্দীদের সঙ্গে আত্মীয়স্বজনদের সাক্ষাৎ আগামী দু-এক দিনের মধ্যে শুরু করা হবে। কারাগারের বাইরে দর্শনার্থীদের জন্য খুব দ্রুত শেড নির্মাণ করা হবে। এ ছাড়া নতুন কারাগারের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আপাতত বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।