তনু হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে: ইমরান

কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বারবার তদন্তকারী সংস্থা পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, যখনই কোনো মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তখনই একের পর এক গোয়েন্দা বাহিনী, তদন্ত সংস্থার পরিবর্তন করা হয়।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সড়ক দ্বীপে গণস্বাক্ষর অভিযান চলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইমরান। তনু হত্যার বিচারসহ চার দফা দাবিতে গণজাগরণ মঞ্চ এ গণস্বাক্ষর অভিযান চালাচ্ছে।
ইমরান এইচ সরকার বলেন, তনু হত্যার ১৩ দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে আরও ৫০টির মতো ঘটনা ঘটেছে। ঘটনাগুলো এত বেপরোয়াভাবে ঘটছে যে, অপরাধীরা মনে করছে তারা ‘দায়মুক্তি’ পেয়ে গেছে। তারা মনে করছে, অপরাধ করলে কিছুই হবে না। তিনি বলেন, মানুষ মনে করেছিল, এত কিছুর পর সরকার ব্যবস্থা নেবে। কিন্তু সবচেয়ে ক্ষোভের জায়গা হচ্ছে, এত কিছুর পরও সরকার ব্যবস্থা নিচ্ছে না।
ইমরান এইচ সরকার আরও বলেন, ‘যখনই কোনো মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তখনই একের পর এক গোয়েন্দা বাহিনী, তদন্ত সংস্থার পরিবর্তন করা হয়। সাগর-রুনির ক্ষেত্রেও এটা দেখেছি। তনুর হত্যাকাণ্ডও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, এটা পরিষ্কার।’
গণজাগরণের মুখপাত্র ইমরান আরও বলেন, আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে চেষ্টা, সেখানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা কিংবা প্রশাসন কতটুকু শ্রদ্ধা নিবেদন করবে, এটা তাদের দায়িত্ব। যদি জনগণকে একের পর এক দূরে ঠেলতে থাকে তাহলে স্বাভাবিকভাবে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হবে, এটা সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। সেটা থেকে রক্ষার দায়িত্ব সবার।
পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট এবং বিভাগে গিয়ে গণস্বাক্ষর কার্যক্রম চালান। পর্যায়ক্রমে দেশের সব কলেজ ও বিদ্যালয়েও তাঁরা এ কার্যক্রম চালাবেন বলে জানান ইমরান এইচ সরকার।