তনু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
বাংলা ১৪২২ বর্ষবরণে নারী লাঞ্ছনাকারী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। সমাবেশে বক্তারা বলেন, বর্ষবরণে নারী লাঞ্ছনারা মতো ন্যক্কারজনক ঘটনার এক বছর পার হলেও বিচার হয়নি। জনমনে আশঙ্কা জাগছে, সোহাগী জাহানের হত্যার বিচারও কি সেই পথেই যাবে? খুনি গ্রেপ্তার হওয়া দূরের কথা, ২৫ দিন হয়ে গেল এখন পর্যন্ত তনু কীভাবে খুন হয়েছেন তাই জানা গেল না। তদন্ত প্রক্রিয়া নিয়েই জনমনে প্রশ্ন উঠেছে।
সমাবেশ থেকে তনু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা ২৫ এপ্রিলের আধা বেলা হরতালের প্রতি সমর্থন দেওয়া হয়।
সংগঠনের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণসংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, মহিলা ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন নাহার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শম্পা বসু। বিজ্ঞপ্তি।