তনু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে দর্শন বিভাগের অধ্যাপক এন এইচ এম আবু বকর, সহকারী অধ্যাপক মাসুম আহমেদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। সঞ্চালনা করেন বাংলার মুখের সাংস্কৃতিক সংগঠক রাশেদুল আলম।