তনু হত্যার তদন্তে জনগণের সহায়তা চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগী জাহান তনুর হত্যার সুষ্ঠু তদন্তে জনগণের সহায়তা চেয়েছে পুলিশ।
তনুর হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিটিতে এই সহায়তা চাওয়া হয়। এতে বলা হয়, হত্যাকারীকে গ্রেপ্তার করা পুলিশের পেশাগত ও নৈতিক দায়িত্ব। এ জন্য আন্দোলন-বিক্ষোভের প্রয়োজন নেই। তবে এই ঘটনাকে ঘিরে মানুষের অনুভূতির প্রতি পুলিশ শ্রদ্ধাশীল। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিশেষজ্ঞ ইউনিট সিআইডিকে এই হত্যার তদন্তের ভার দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশও কাজ করছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ক্লু লেস’ (সূত্রহীন) হত্যার তদন্ত সময়সাপেক্ষ। অনুমানের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়। তদন্তে ভুল হলে সবার কাছেই তা প্রশ্নবিদ্ধ হয়। এমনকি প্রকৃত দায়ী ব্যক্তিরা সেই ভুলের দিকে আঙুল তুলে নানা সুযোগ গ্রহণ করতে পারে। এতে মামলাটির ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সে জন্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত আসামি চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তনু হত্যার প্রকৃত আসামিকে চিহ্নিত করেই তাকে গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশ প্রত্যয়ী। তবে এটা অবশ্যই সময়সাপেক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁরা এই হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন, তাঁদের দাবির প্রতি পুলিশের শ্রদ্ধা আছে। তবে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পুলিশের অপরাধ দমন এবং উদ্ঘাটনের পেশাগত দায়িত্বও বাধাগ্রস্ত হয়। কোনো হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য কোনো আন্দোলন বা বিক্ষোভের প্রয়োজন নেই। এটা পুলিশের পেশাগত ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে সমব্যথী সবাইকে ধৈর্য ধরে পুলিশি তদন্তে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে পুলিশ।