তনু হত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগী জাহান হত্যাকাণ্ড
সোহাগী জাহান হত্যাকাণ্ড

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদে ও দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রয়েছে। আজ সোমবার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও যশোরের কেশবপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
চট্টগ্রাম নগরে মশাল মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আজ সোমবার সন্ধ্যায় মশাল মিছিল করে ‘যৌন নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চ’ নামের একটি সংগঠন। এই সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অগ্রদূত পাঠাগার। চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হওয়া এই মশাল মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ মিনারের সামনে তনুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ দিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আজ সকালে তনুর ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে হাজী মুহাম্মদ মহসিন কলেজের সামনে মানববন্ধন করে। এ ছাড়া সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চিটাগাং ইডেন ক্লাব নামের একটি সংগঠন একই দাবিতে মানববন্ধন করে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা। একই দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। সোমবার বেলা ১১টায় কদমতলীর তরুণ ছাত্র সংঘের ব্যানারে ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়া একই দাবিতে বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আজ দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারের সামনে কলেজের শিক্ষক ও সর্বস্তরের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুষদ ভবনের সামনে থেকে আজ দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি মূল ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। সন্ধ্যায় তৃণমূল কর্মজীবী মহিলা সোসাইটি যশোর জেলা শাখার উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে মোমবাতি জ্বালিয়ে তনু হত্যার বিচার দাবি করা হয়।
যশোরের কেশবপুরে আজ বিকেলে ত্রিমোহিনী মোড় চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গণজাগরণ মঞ্চ, খেলাঘর আসর ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।