তনু হত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজ বুধবারও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
ফরিদপুরে ছাত্র ইউনিয়নের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ দুপুরে কলেজের বায়তুল আমান ক্যাম্পাসে কলেজ শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোরের কেশবপুরে গণজাগরণ মঞ্চের ডাকে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত স্থানীয় ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
‘প্রতিবাদের মাধ্যমে বিবেককে জাগ্রত কর’-স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুর ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারের সামনে কলেজের শিক্ষক ও সর্বস্তরের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভাগটির শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।
নীলফামারীতে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম। শহরের চৌরঙ্গী মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, সরকারি কলেজ, নাসিং ইনস্টিটিউট, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মহিলা পরিষদ, কবিতা আবৃতি পরিষদ, উদীচী, ছাত্রমৈত্রী ও পল্লীশ্রীসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দুপুর সাড়ে ১২টার সময় কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে।
জামালপুর যৌন হয়রানি প্রতিবোধ কমিটি ও এপেক্স ক্লাবের যৌথ উদ্যোগে আজ সকাল দশটায় জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।