তনু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সেনানিবাসের মতো নিরাপদ জায়গায় তনুর মতো একজন মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। অথচ এত দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়নি। এ থেকে বোঝা যায়, সরকার তার নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উদাসীন। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের অপরাধ বেড়ে চলেছে।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চের সমন্বয়ক স্বাক্ষর শুভ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিরউদ্দিন, চট্টগ্রাম প্রতিবেশ আন্দোলনের সংগঠক মাহবুব সুমন, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শওকত আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগীর মোড় থেকে নন্দনকানন হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।