তনু হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে পৃথক মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারে আজ শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে রাষ্ট্রের ভূমিকা ও গণমাধ্যমের নীরবতা নিয়ে সমালোচনা করা হয়।
বিকেল সাড়ে তিনটায় যৌন-নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চের ব্যানারে প্রথম মানববন্ধন কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। ছাত্র-তরুণ ও নারী সংগঠকেরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রেসক্লাব চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন যৌন-নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চের আহ্বায়ক স্বাক্ষর শুভ। এতে বক্তৃতা করেন নুরুন্নাহার, ইকরামুন নেছা চম্পা, ফরহাদ জামান, শওকত আলী, রাহুল দত্ত প্রমুখ।
একই সময় ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার কয়েকজন তরুণ-তরুণীকে ব্যানার ও ফেস্টুন নিয়ে আলাদা করে পাশে দাঁড়াতে দেখা গেছে। এসব ব্যানার ও ফেস্টুনে তনু হত্যার বিচার দাবি উল্লেখ ছিল।
বিকেল চারটার দিকে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা নগরের প্রবর্তক মোড়ে আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
চট্টগ্রাম বন্ধুসভার যোগাযোগ বিষয়ক সম্পাদক মিনহাজ হোসাইনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সিরু বাঙালী, ছড়াকার মোদাচ্ছের আলী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিকা সুলতানা, চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি ফাহিম উদ্দিন, সাধারণ সম্পাদক শিহাব জিশান ও প্রচার সম্পাদক জাকিয়া কবির।
বন্ধুসভা আয়োজিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।