তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ শুক্রবার কুমিল্লা ও ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও বিভিন্ন সংস্কৃতি সংগঠন।

বিকেল সাড়ে চারটা থেকে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে সড়ক বন্ধ রেখে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচিতে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা রোটারেক্ট ক্লাব, সেন্টার ফর হিউম্যান অ্যাসিস্ট্যান্ট ফাউন্ডেশন, কুমিল্লা ও তিনটি সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলের কারণে চারটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের মধ্যে শুয়ে ক্ষোভ জানায়।
অন্যদিকে বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে ফরিদপুরের বিভিন্ন সংস্কৃতি সংগঠন। সংস্কৃতি কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে নীরবে এ কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসে পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় হয়। নিহত শিক্ষার্থীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পাঁচ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।