তনু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল সকালে কুমিল্লা নগরের সার্কিট হাউস সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল সকালে কুমিল্লা নগরের সার্কিট হাউস সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মনে করেন, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের পথ ময়নাতদন্তকারী চিকিৎসকেরা বন্ধ করে দিয়েছেন। বিচারক কিসের ভিত্তিতে বিচার করবেন? সাক্ষ্য-প্রমাণ নেই। ময়নাতদন্ত দুবার করানো হয়েছে, মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি। আর কতবার ময়নাতদন্ত করাবে?
মিজানুর রহমান গতকাল বুধবার ঢাকায় তাঁর কার্যালয়ে আলাপকালে প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘তনুর মা-বাবার বুক খালি হয়ে গেল। তাঁরা এখন জানেন, ন্যায়বিচার পাবেন না। এক তনু হত্যার বিচার না হলে আরও তনু কেন হত্যা, নিগ্রহ, ধর্ষণের শিকার হবে। দ্বিতীয় ময়নাতদন্তের পর এখন আর বোধ হয় রাখঢাক করে বলার দরকার নেই, স্পষ্ট করেই বলতে পারি, তনু হত্যার আর কোনো বিচার হবে না। সুধী, নাগরিকসমাজ, মানবাধিকারকর্মী যতই চিৎকার করে বলি না কেন, ডাক্তার সাহেবরা সে পথ বন্ধ করে দিয়েছেন।’ এদিকে তনু হত্যার বিচারের দাবিতে গতকাল কুমিল্লায় মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের সার্কিট হাউস সড়কে এই মানববন্ধন হয়।
তনুর ছোট ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আমার বাবা-মাকে বলা হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা না বলতে। সন্তানহারা বাবা-মা আর কত বুক চেপে থাকবেন। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনু খুন হন গত ২০ মার্চ। ওই রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন থানায় মামলা দায়ের করেন। তিন মাসেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।