তনু হত্যাসহ সব খুন-গুমের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচার ও সব গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে আজ কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করা হয়। ছবি: এম সাদেক
সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচার ও সব গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে আজ কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করা হয়। ছবি: এম সাদেক

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ সব গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে কুমিল্লায় মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ।

আজ রোববার বিকেল পাঁচটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় প্রগতিশীল ছাত্রজোট, কুমিল্লা ও ‘রাজপথের প্রতিবাদী কণ্ঠ’ নামে একটি সংগঠন।
এদিকে মানববন্ধনের পর তনু হত্যার বিচারের দাবিতে ও আগামীকাল সোমবার আধা বেলা হরতালের সমর্থনে আজ সন্ধ্যায় নগরে মশালমিছিল বের হয়।
মানববন্ধনে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক সুজন চক্রবর্তী বলেন, এখন পর্যন্ত তনু হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। রাষ্ট্র চাইলেই খুনিদের ধরা সম্ভব। খুনিরা বিশেষ জায়গায় বহাল তবিয়তে রয়েছে। গুটি কয়েক ব্যক্তির দায়ভার অন্য কেউ নিয়ে বসে থাকলে তদন্ত এগোবে না। ছাত্র, শিক্ষক ও মেহনতি মানুষ তনু হত্যার বিচার চায়। অবিলম্বে ওই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। তিনি বলেন, আগামীকালের আধা বেলা হরতাল শান্তিপূর্ণ হবে। জনগণকে তনুর প্রতি সম্মান প্রদর্শন করে হরতাল পালন করার জন্য প্রগতিশীল ছাত্রজোট আহ্বান জানাচ্ছে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কিংকর চন্দ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, রাজপথের প্রতিবাদী কণ্ঠ সংগঠনের মুখপাত্র এস বি জুয়েল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সদস্য বিকাশ দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেত্রী ফারজানা ফাইজা, সমাজচেতনা মঞ্চের অন্যতম সদস্য মবিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
গত ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয়।