তনু হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালনের অংশ হিসেবে এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।

সাধারণ ছাত্র পরিষদের ডাকে গতকাল ছাত্র ধর্মঘটের কারণে গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিভিন্ন বিভাগে পরীক্ষা হলেও অনেক বিভাগে ক্লাস হয়নি। তবে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে সকালে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, কলা ও মানববিদ্যা ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এসে শেষ হয়। একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান অভিযোগ করেন, তনু হত্যার মূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

সমাবেশে প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। বিচারহীনতার কারণেই ধর্ষণের মতো অপকর্ম বারবার সংঘটিত হচ্ছে। তনু হত্যার বিচারসহ সব ধর্ষণ ও হত্যার বিচার করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনোয়ার সাদাত, পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুকান্ত চাকমা প্রমুখ।